রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (১ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতক শিশুর অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত মৃত্যুর কারণে হাসপাতালের সেবাকার্যক্রম কিছুটা ব্যাহত হলেও বর্তমানে চিকিৎসাসেবা কার্যক্রম সম্পূর্ণভাবে ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান রয়েছে। বহির্বিভাগ, অন্তর্বিভাগ, ইমার্জেন্সি ও প্রয়োজনীয় সব ধরনের সেবাকার্যক্রম চালু রয়েছে। গত ২৪ ঘণ্টায় বহির্বিভাগে ১,০৩৯ জন রোগী সেবা গ্রহণ করেছেন। এছাড়া ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখানে মোট ২৫ জন রোগীর ডেলিভারি সম্পন্ন হয়েছে।
স্বাভাবিক সময়ে এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় ২ হাজার রোগী সেবা গ্রহণ করেন। এর মধ্যে ২০০ জন গর্ভবতী মা চিকিৎসাসেবা নিয়ে থাকেন। এখানে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৮০টি ডেলিভারি সম্পন্ন হয়ে থাকে।
আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়ানমিন বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকার ৭০০ শয্যার মধ্যে ৩০০টি শয্যা বিনামূল্যের। এখানে রোগীদের থাকা-খাওয়াসহ সবকিছুই বিনামূল্যে। সরকারের সব ধরনের নিয়ন্ত্রক (রেগুলেটরি) নীতিমালা মেনেই হাসপাতাল পরিচালিত হয়। স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি আদ্-দ্বীন হাসপাতাল মাত্র ৩৮০ টাকায় রাজধানী ঢাকায় অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছে।’
আলমগীর/রিফাত/