বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যে সংস্কারের চিন্তা সরকার করছে, পাঁচ বছর আগেই তরুণ নেতা তারেক রহমান সেই সংস্কারের রূপরেখা দিয়েছেন। তারেক রহমানের সেই সংস্কারগুলো সমাজে সমাদৃত হয়েছে এবং সরকার গ্রহণ করছে।
বুধবার (২৩ এপ্রিল) নীলফামারী শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোনো কোনো রাজনৈতিক দল হয়তো বলার জন্য কিছু বলে। কিন্তু বাস্তবিক পক্ষে তারেক রহমান এই প্রস্তাবনাটা এমনভাবে দিয়েছেন যেন ভবিষ্যত রাজনৈতি এক ব্যক্তির হাতে না থাকে, এক দলের হাতে না থাকে এবং ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা আন্দোলন করেছি সবাই মিলে যদি জাতীয় ঐক্যমতের সরকার গঠন করি তাহলেই আমাদের দেশে একটি সঠিক রাজনৈতিক পরিবেশ আসবে, স্বাভাবিক সমাজ ব্যবস্থা আমাদের মধ্যে তৈরী হবে।
বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেছেন, সংস্কার ও নির্বাচন বিপরীতমূখি ঘটনা নয়। এদেরকে ইচ্ছে করেই মুখোমুখি করা হচ্ছে।
নীলফামারী শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি কর্মশালা। ছবি: খবরের কাগজ
সৈয়দপুরে তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, ৩১ দফা একটি পরিকল্পিত রুপকল্প যার মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামতের সবগুলো উপাদান রয়েছে। রাষ্ট্রকাঠামোকে আমরা আরও কীভাবে স্বচ্ছ এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসব, তার পাশাপাশি রয়েছে আমরা কীভাবে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্পায়নসহ প্রতিটি সেক্টরকে সাজাতে চাই। কীভাবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে পারব, কীভাবে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনব, কৃষক-শ্রমিকসহ প্রতিটি পেশার মানুষের জন্য ন্যায্য মজুরী যেন নিশ্চিত করতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য।
কর্মশালায় বিএনপি নীলফামারী জেলা শাখার সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে এসময় দলের কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হিরা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মিসেস নেওয়াজ হালিমা আরলী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিএনপি নীলফামারী শাখার সাধারণ সম্পাদক জহুরুল আলম বক্তব্য রাখেন।
একইভাবে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে কর্মশালার আয়োজন করা হয়। সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনিন, তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মমিনুর আজাদ/মাহফুজ