জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে রংপুরের সেনপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাতীয় পার্টি নিষিদ্ধ ও জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। বুধবার রাত ৮টার দিকে রংপুর প্রেসক্লাব থেকে শুরু করে গ্রান্ড হোটেলের মোড়ে অবস্থান নেন তারা। পরে মিছিল নিয়ে জি এম কাদেরের সেনপাড়ার বাড়ির উদ্দেশে রওনা দিলে জাতীয় পার্টির নেতা-কর্মীরা এগিয়ে আসেন। এর মধ্যেই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে জি এম কাদেরের বাড়িতে হামলা ও একটি মোটরসাইকেলে আগুন দেন বিক্ষুব্ধরা। এ সময় সেখানে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ‘আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ ও জি এম কাদেরকে গ্রেপ্তার করার দাবিতে এখানে মিলিত হয়েছি। এরই মধ্যে জাতীয় পার্টির নেতা-কর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালান এবং সেখানে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। যতক্ষণ না পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ হবে, আমরা ততক্ষণ মাঠে থাকব। আমরা অন্য রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করছি। কারণ তারা আমাদের অভিভাবক।’
সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আমরা জাপার পার্টি অফিসে বসা ছিলাম। তারা হঠাৎ করে এসে এখানে অতর্কিত হামলা চালিয়েছে।’
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন পরিবেশ শান্ত রয়েছে।
সেলিম সরকার/সুমন/