বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, তারেক রহমান এমন এক আদর্শিক নেতা যার চিন্তা চেতনায়, মনও মননে শুধু বাংলাদেশ। তার মতো একজন জাতীয়তাবাদী দেশপ্রেমিক আদর্শিক নেতৃত্বকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার শক্তি অপপ্রচারকারীদের নেই।
তিনি শনিবার (২ আগস্ট) বিকালে হাটহাজারীর ফতেহপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কেন্দ্র ঘোষিত সদস্য ফরম পূরণ ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে হাটহাজারী উপজেলাধীন, ১১নং ফতেহপুর ইউনিয়ন ১২নং চিকনদন্ডি ইউনিয়ন ও ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
ব্যারিস্টার হেলাল বলেন, একটি গোষ্ঠী নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে চায়। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযুক্ত করার মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসের মূল্য দিয়েছেন। বাংলাদেশের সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বিএনপির হাতে নিরাপদ। শহিদ জিয়ার নীতি আদর্শ অনুসরণ করে আগামীদিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গে পরিণত হবে।
তিনি আগামী নির্বাচনে দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
১১নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা সাইফুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ। ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মিন্টু, চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইশা শফি ও ১নং পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকশাহজাহান চৌধুরী মঞ্জুর যৌথ সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আল ফোরকান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান প্রমুখ।