নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনের ধানের শীষ প্রার্থী জেলা বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম বলেছেন, আপনারা ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর তিনি প্রধানমন্ত্রী হলে নদীভাঙা কবলিত নোয়াখালী হবে সিঙ্গাপুর।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কবিরহাটে এক বিশাল নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
মো. ফখরুল ইসলাম বলেন, আমাদের দলে অনেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমি মনে করি সবাই যোগ্য ছিলেন। কিন্তু দল আমাকে মনোনয়ন দিয়েছে। আপনারা আমাকে নয় তারেক রহমানের ধানের শীষে ভোট দিন।
নির্বাচনি এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে মো. ফখরুল ইসলাম বলেন, ওবায়দুল কাদেরর মতো আমার কোনো ভাই মেয়র বা ভাগিনা চেয়ারম্যান হবে না। যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। এরজন্য আমার বাসায় মাছ-মাংস বা দধি দিতে হবে না। আর আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আমার সঙ্গে দেখা করতে কোনো মামা, খালুর দরকার হবে না।
তিনি বলেন, 'দল আমাকে মনোনয়ন দিলেও সবাই আমাকে পছন্দ নাও করতে পারেন। তবে ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানে ঘাঁটি হিসেবে আরেকবার প্রতিষ্ঠিত করুন।
কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এ বি এম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন/সুমন/