নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে ছয়টি পেট্রলবোমাসহ রাজধানীর মোহাম্মদপুর থেকে মো. ফেরদৌস নামের একজনকে আটক করেছে র্যাব–২। পাশাপশি আদাবর এলাকা থেকে একটি বিদেশি রিভারবালসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের বসিলা ও আদাবর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর গণমাধ্যম শাখার কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, রবিবার বছিলা গার্ডেন সিটির তুরাগ নদীর সীমানা পিলারের কাছ থেকে ফেরদৌসকে আটক করা হয়। তার বাড়ি ভোলার দুলারহাটে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় থাকেন। অভিযানে তার কাছ থেকে ছয়টি পেট্রলবোমা, একটি সামুরাই, একটি গ্যাস লাইটার এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব–২ দাবি করেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঘোষিত কর্মসূচি ‘লকডাউনকে’ কেন্দ্র করে মোহাম্মদপুরের তিন রাস্তায়, রায়েরবাজার ও আশপাশের এলাকায় নাশকতার উদ্দেশ্যে ফেরদৌস ও তার সহযোগীরা জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। আটক আসামির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
অন্য একটি অভিযানে গতকাল রাতে আদাবর থানার প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকা থেকে একটি বিদেশি রিভলভারসহ মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হেজবুল আলম রাজুকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মো. শামসুল ইসলাম জানান, এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ডে এই অস্ত্র ব্যবহারের পরিকল্পনা ছিল রাজুর। রিভলভারটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদাবর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
শেখ জাহাঙ্গীর/সুমন/