বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, 'বিএনপি জনগণ ও দেশের উন্নয়নের কথা চিন্তা করে। আপনারা বিএনপিকে ক্ষমতায় আনলে দেশ ভালো থাকবে।'
সোমবার (২৪ নভেম্বর) বিকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ছৈন্ট্রা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত তাঁতী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, 'মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা লড়েছি। উন্নয়ন, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। মানিকগঞ্জ–৩ আসনের মানুষ পরিবর্তন চায়। তারা চায় তাদের সন্তানদের জন্য নিরাপদ ভবিষ্যৎ, ন্যায়বিচার এবং প্রকৃত উন্নয়ন। বিএনপি ক্ষমতায় এলে জনগণের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আসবে।'
তিনি আরও বলেন, 'মানিকগঞ্জ-৩ আসনের মানুষের ভালোবাসাই আমার আসল শক্তি। আসন্ন নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থাকলে জনগণ অবশ্যই পরিবর্তনের পক্ষেই সিদ্ধান্ত নেবে।'
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজ্বী মুজিবুর রহমান, মানিকগঞ্জ তাঁতীদল জেলা শাখার সভাপতি হাজ্বী আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক আ. রাজ্জাক, সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ মল্লিক, যুগ্ম সাধারন সম্পাদক হাজ্বী আব্দুল আলীমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
আসাদ/মেহেদী/