বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নোয়াখালীর কবিরহাটের ৫৫০ মসজিদের খতিব, ইমাম ও মাদ্রাসাশিক্ষককে উপহার দেওয়া হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে কবিরহাট পৌরসভার শিরিন গার্ডেন মিলনায়তনে নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ফখরুল ইসলাম এসব উপহার বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আলেম-ওলামাদের সম্মান করে গেছেন। আমাদের নেতা তারেক রহমানও আলেমদের খুব সম্মান করেন। তাই তারেক রহমানের পক্ষ থেকে খতিব, ইমাম ও শিক্ষকদের সম্মানিত করা হয়েছে।’
মো. ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেক আলেমের কাছে তার জন্য দোয়া চেয়েছি। আল্লাহ যেন গণতন্ত্রের এ রক্ষককে সুস্থ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ দেয় সেই দোয়া চেয়েছি।’
এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে সাড়ে পাঁচশ খতিব ইমাম ও মাদ্রাসার শিক্ষকের হাতে উপহার তুলে দেওয়া হয়। প্রত্যেক প্যাকেটে জায়নামাজ, পাঞ্জাবির কাপড় ও লুঙ্গি রয়েছে। এর আগে, কোম্পানীগঞ্জেও ৫০০ ইমাম শিক্ষককে একই উপহার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি।
কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সল, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব কামাল হোসেন সৌরভ, পৌর বিএনপির সদস্যসচিব বেলায়েত হোসেন খোকন প্রমুখ।
ইকবাল/এসজি/