ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্যসচিব সোহেল রানাসহ তিনজনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে শহরের চরকমলাপুর ব্রিজের আগে এ হামলার ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। আহতদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব আব্দুল কাইয়ুম বর্তমানে হাসপাতালের ছয়তলায় সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন সোহেল রানা।
আহতরা হলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সদস্যসচিব সোহেল রানা, সাবেক যুগ্ম সদস্য সচিব আব্দুল কাইয়ুম এবং আফরান।
ঘটনার বর্ণনায় সোহেল রানা বলেন, ‘সন্ধ্যার আগে চরকমলাপুর ব্রিজ এলাকায় গেলে সেখানে অবস্থান করা ১৫-২০ জনের একটি দল অতর্কিত আমাদের ওপর হামলা চালায়। এতে আমি ও আমার সহযোগীরা আহত হই। আব্দুল কাইয়ুম গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছি।’
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমির হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি নিয়ে কোতোয়ালি থানা পুলিশ তদন্ত করছে।’
এদিকে এ হামলার ঘটনায় ফরিদপুর বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন।
সঞ্জিব/রিফাত/