চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম ধোপাছড়ি ইউনিয়নে গণসংযোগ করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপির প্রার্থী জসীম উদ্দীন আহমেদ। এ সময় চতুর্থ শ্রেণিপড়ুয়া এক শিশুকে টাকার মালা হাতে নিয়ে রাস্তার পাশে প্রার্থী জসীম উদ্দীনের অপেক্ষায় হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গন্ডামারা এলাকায় শিশুটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শিশুটির নাম ফারজানা আদনান ন্যান্সি। সে পশ্চিম ধোপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার বাবা ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. নাজিম উদ্দিন। তিনি এলাকায় বিএনপির কট্টর সমর্থক হিসেবে পরিচিত।
ফারজানা আদনান ন্যান্সি খবরের কাগজকে বলেন, আজকে আমাদের এখানে জসীম উদ্দীন আসছেন। তাই আমি ওনাকে স্বাগত জানানোর জন্য এই টাকার মালা নিয়ে সকাল থেকে বাড়িতে অপেক্ষা করছিলাম। পরে দূর থেকে মিছিলের শব্দ শুনতে পেয়ে ওনার (জসীম) গলায় এই টাকার মালাটি পড়িয়ে দেওয়ার জন্য রাস্তার পাশে এসে দাঁড়িয়েছি।
স্থানীয়রা জানান, বিএনপি প্রার্থীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সড়কের পাশে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ প্রার্থীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় ছিলেন। ঠিক তখন একটি শিশু হাতে টাকার তৈরি মালা নিয়ে সামনে দাঁড়িয়ে থাকে। শিশুটির মুখে ছিল কৌতূহল ও আগ্রহের ছাপ। যা অনেকের কাছে নির্বাচনি আনন্দের প্রতীক হিসেবেই বিবেচিত।
ধোপাছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুজিবুল হক খোকা বলেন, গ্রামীণ নির্বাচনি সংস্কৃতিতে প্রার্থীদেরকে ফুল, মালা বা নানা প্রতীকী উপহার দেওয়ার রীতি দীর্ঘদিনের। সেই ধারাবাহিকতায় শিশুটি স্বতঃস্ফূর্তভাবে টাকার মালা হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল। এটি এক ধরনের সরল ভালোবাসা ও আগ্রহের প্রকাশ। এ ছাড়াও আমাদের প্রার্থীকে স্বাগত জানাতে অনেক শিশু, তরুণী ও নারী ফুলের মালা নিয়ে অপেক্ষা করছেন। এটি প্রার্থীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।
আরিফুল ইসলাম/নাঈম