বাংলাদেশে বেকার মানেই যেন একটি ফুটবল। যে যেভাবে পারে সেভাবেই লাথি মারে। যারা চাকরিতে নিয়মিত আবেদন করেন তারা জানেন যে, কোনো চাকরিতে আবেদন করতে গেলেই একটি নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি দিয়ে আবেদন করতে হয়। এই আবেদন ফি পরিশোধ করা নিয়ে ভোগান্তির শেষ নেই। সবচেয়ে অবাক ব্যাপার হলো দেশে এত ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংকিং সিস্টেম থাকার পরও শুধু টেলিটক সিম দিয়েই সরকারি চাকরির আবেদন ফি পরিশোধ করতে হবে। টেলিটক এত বড় একটি দায়িত্ব নিয়ে রেখেছে অথচ মোবাইল অপারেটরদের মধ্যে তাদের সার্ভিস সবচেয়ে খারাপ। বাজে নেটওয়ার্ক ও কাস্টমার সার্ভিসের পাশাপাশি নিয়মিত বিরতিতে কারিগরি ত্রুটিও দেখা যায়। ফলে চাকরিপ্রার্থীরা চাকরির আবেদন করা ও ফি পরিশোধ করা- দুই ধাপেই নানা ঝামেলার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে সার্ভার ডাউন থাকা ও টাকা পরিশোধের জন্য যে এসএমএস দেওয়া সেটির ফিরতি এসএমএস না পাওয়া। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বারবার এসএমএস পাঠানোর ফলে টাকাও নষ্ট হচ্ছে। অথচ এই প্রক্রিয়াটিকে সহজ করা গেলে অর্থ ও সময় দুটিই বেঁচে যেত। আমরা চাই শুধু টেলিটক নয়, যেকোনো মোবাইল অপারেটর বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেমেন্ট সিস্টেম চালু হোক এবং আবেদন প্রক্রিয়াটি আরও সহজ করা হোক।
মো. বিল্লাল হোসেন
ধানমন্ডি, ঢাকা
[email protected]