পিরোজপুরে প্রতি রাতে চুরি হচ্ছে। চুরির ঘটনা যেন থেমে নেই। পিরোজপুরের রাজারহাট, মাছিমপুরসহ প্রতিটি পাড়ায় চুরি হচ্ছে। ইদানীং চোরের দৌরাত্ম্য বেড়ে গেছে। চেয়ার, টেবিল, মুরগি, পানির মোটর, ইলেকট্রিক বাল্ব, হাঁড়ি-পাতিলসহ মূল্যবান সামগ্রী প্রতি রাতে চুরি হচ্ছে। চুরি ঠেকাতে পারছে না কেন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? এ প্রশ্ন এখন সবার মুখে মুখে। চোর বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায়, যে অপরের জিনিস চুরি করে, অর্থাৎ অন্যের সম্পত্তি বা মালপত্র নিয়ে নেয়। যে ব্যক্তি অন্যের অনুমতি বা জ্ঞান ছাড়াই তার জিনিসপত্র নিয়ে নেয়, সে হলো চোর। আর ‘ছিচকে চোর’ বলতে ছোটখাটো চুরি করা ব্যক্তিকে বোঝায়। এ ধরনের চোরের উৎপাত বেড়েছে গোটা পিরোজপুরে। সেই সঙ্গে বেড়েছে ছিনতাই। পিরোজপুরের সাধারণ মানুষ তাদের জানমাল নিয়ে আজ বড্ড চিন্তিত। কখন কী হয়ে যায়, প্রতিদিন এ দুশ্চিন্তা তাদের মনে ঘুরপাক খাচ্ছে। এ অবস্থায় পিরোজপুরের প্রতিটি পাড়া-মহল্লায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিকভাবে পাহারা দিয়ে চুরি বন্ধ করবে বলে আমাদের প্রত্যাশা। মানুষের জানমালের নিরাপত্তা চাই।
লিয়াকত হোসেন খোকন
রায় বাহাদুর রোড, আদর্শ পাড়া, পিরোজপুর
[email protected]