দেশের উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন হাজারও রোগীর ভিড়ে ব্যস্ত থাকে। উন্নত চিকিৎসার আশায় দূরদূরান্ত থেকে মানুষ এখানে এলেও সেবা নিতে গিয়ে অনেকেই পড়ছেন ভোগান্তিতে। অতিরিক্ত রোগীর চাপ, প্রয়োজনীয় তথ্য পেতে জটিলতা এবং দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে কিছু ক্ষেত্রে নার্সিং সেবায় অনাগ্রহ বা রূঢ় আচরণের অভিযোগ উঠেছে, যদিও অনেক নার্স আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ৩২ নম্বর ওয়ার্ডের কার্ডিওলজি বিভাগে সেবার মান নিয়ে অসন্তোষ তুলনামূলক বেশি। গুরুতর রোগীদের স্বজনরা জরুরি সময়ে সহায়তা পেতে সমস্যার কথা জানিয়েছেন।
এ ছাড়া মুক্তিযোদ্ধা পরিবারের জন্য নির্ধারিত সুবিধা সবসময় নিশ্চিত না হওয়া, চিকিৎসকের দেরিতে উপস্থিতি এবং রিপোর্ট পেতে বিলম্ব নিয়েও অভিযোগ রয়েছে। ফলে রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়ছে। এ পরিস্থিতিতে চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক আচরণ, কার্যকর ব্যবস্থাপনা এবং দ্রুত তথ্যপ্রদান নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে।
আইরিন আক্তার শোভা
ডিগ্রি দ্বিতীয় বর্ষ, রাজশাহী কলেজ
[email protected]