আজ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের ৩৫তম জন্মদিন। সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই তামিমকে এ নিয়ে জানাচ্ছেন শুভেচ্ছা। কিন্তু সব ছাপিয়ে আলোচনায় গেল রাতে একটি বেসরকারি টিভি চ্যানেল দ্বারা ফাঁস করা তামিম ও মেহেদি হাসান মিরাজের ফোনালাপ নিয়ে।
সেই ফোনালাপ ফাঁস হওয়া নিয়ে ভক্তদের মনে জন্ম নিয়েছে অনেক প্রশ্ন। অবশেষে সেই ঘটনা নিয়ে ভক্তদের কাছে নিজেদের অবস্থান জানাতে আজ রাতে লাইভে আসার ঘোষণা দিয়েছেন সদ্য ৩৫ বছরে পা রাখা এই অভিজ্ঞ ব্যাটার।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তামিম এই ঘোষণা দিয়েছেন।
জন্মদিনে পাচ্ছেন ভক্ত-সমর্থকদের কাছ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। একই পোস্টে তাই ভক্তদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তামিম।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তামিম লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।- তামিম ইকবাল’।
ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা ঝড়। পক্ষে-বিপক্ষে নানা ধরনের মন্তব্য থাকলেও, অনেকেই মনে করছেন কোনো বিজ্ঞাপনের কথোপকথন হতে পারে এটি।