সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে হবে ম্যাচ দুটি। প্রস্তুতির অংশ হিসেবে গতকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। তবে দল ঘোষণার আগেই স্পষ্ট হয়ে গেছে। দলের ভরসা সামিত সোম থাকছেন না, আর হামজা চৌধুরীকে আনার চেষ্টা চলছে এখনো।
কানাডিয়ান ক্লাব কাভারলির হয়ে খেলা সামিত সোমের ওই সময় লিগ ম্যাচ রয়েছে ৬ ও ১৪ সেপ্টেম্বর। ফিফা নিয়ম অনুযায়ী, জাতীয় দলের ম্যাচের অন্তত ৭২ ঘণ্টা আগে খেলোয়াড় ছাড়তে বাধ্য ক্লাবগুলো। কিন্তু বাফুফে এবার সামিতকে নিয়ে কোনো জটিলতায় যেতে চাইছে না। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সামিতের সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে। এ জন্য তাকে প্রাথমিক দলে রাখা হয়নি।’
অন্যদিকে ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীকে আনার চেষ্টা করছে বাফুফে। ইতোমধ্যেই তার ক্লাবকে চিঠি দিয়েছে ফেডারেশন। আমের খান জানান, ‘কোচের ২৪ জনের প্রাথমিক তালিকায় হামজা রয়েছেন। তাকে সেপ্টেম্বরে পাওয়ার জন্য লেস্টারের সঙ্গে আলোচনা চলছে।’ তবে ইউরোপ ও এশিয়ার ফিফা উইন্ডোর তারিখ ভিন্ন হলে ক্লাবগুলোর দর-কষাকষির সুযোগ বেড়ে যায়। তাই হামজাকে পাওয়া নিয়েও শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা থাকতে পারে।
জাতীয় দলের জন্য এই দুই ফুটবলারের গুরুত্ব অনেক। আগামী অক্টোবরের এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে বাংলাদেশের সামনে। হামজা ও সামিত একসঙ্গে খেলতে পারলে দলের বোঝাপড়ায় সুবিধা হতো। কিন্তু আপাতত সামিতকে নিয়ে আশা শেষ হয়ে গেছে, হামজাকে নিয়ে চলছে জোর চেষ্টা।
এবার বাফুফে ক্যাম্পের শুরুর দিনেই খেলোয়াড় তালিকা প্রকাশ করেনি। প্রথম দিন মাত্র পাঁচজন খেলোয়াড় যোগ দিয়েছেন ক্যাম্পে। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর ফুটবলাররা আজ, আর বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা শুক্রবার আসবেন। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর উইন্ডোর দলটিতে আবাহনী থেকে পাঁচজন ও কিংস থেকে দশজন খেলোয়াড় ডাক পাবেন।
এ ছাড়া অন্যান্য ক্লাব থেকে আসা খেলোয়াড়দের মধ্যেও অনেকে এখনো যোগ দেননি। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এক দিন সময় চেয়েছেন ফেডারেশনের কাছে। মাত্র পাঁচজন খেলোয়াড় নিয়ে পূর্ণাঙ্গ অনুশীলন সম্ভব নয়, তবুও স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা ক্যাম্প শুরু করেছেন। ম্যানেজারের ভাষায়, ‘আবাহনী ও কিংস ছাড়া অন্য ক্লাব এখনো অনুশীলন শুরু করেনি। খেলোয়াড়রা যেন অন্তত জিম বা ফিটনেস নিয়ে কাজ শুরু করে, এ জন্যই ক্যাম্পে ডেকেছেন কোচ।’
চঞ্চল/নিলয়/