টানা তিন সিরিজ জিতেছে বাংলাদেশ দল লিটন দাসের অধিনায়কত্বে। সদ্যসমাপ্ত নেদারল্যান্ডস সিরিজ জিতে সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আয়োজিত সিরিজে দলগত সাফল্য নিশ্চিতভাবেই স্বস্তির।
বুধবার (৩ আগস্ট) বৃষ্টিতে ভেস্তে যাওয়া তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকের এক প্রশ্নে চটে যান লিটন কুমার দাস। বিরক্ত হয়ে উপস্থিত সাংবাদিকদের জানিয়ে দিলেন, শোনা কথায় কান না দিতে।
খুব একটা কথাবার্তা বলেন না লিটন দাস। বরাবরই তাকে অন্তর্মুখী স্বভাবের বলে জানে সবাই। এমন স্বভাবটাই তার নেতৃত্বের ক্ষেত্রে বাধা হিসেবেও ধারণা করা হতো। সরাসরি না বললেও বিসিবির দায়িত্বশীলদের কাছ থেকেও এমনটা শোনা যেত। লিটন অধিনায়কত্ব উপভোগ করছেন না, এমন খবরও বেরিয়েছিল। যদিও সত্যতা বা ভিত্তি ছিল না এমন কথার।
টানা তৃতীয় সিরিজ জিতেছে বাংলাদেশ লিটনের অধিনায়কত্বে। সেই লিটনকে সিলেটে প্রশ্ন করা হয় নেতৃত্ব উপভোগ করছেন কিনা। সেই প্রশ্নে চটে গিয়ে লিটন বললেন, ‘আমার মুখ থেকে কখনও কি শুনেছেন যে আমি (অধিনায়কত্ব) উপভোগ করি কী করি না? কাজেই কিছু কিছু সময় শোনা কথায় কান না দেওয়া ভালো।’
তিনি আরও যোগ করেন, ‘(অধিনায়কত্ব) আমি অনেক উপভোগ করি। উপভোগ করি বলেই দায়িত্বটি নিয়েছি। পিঠেপিঠি কয়েকটি সিরিজ আমরা ভালো ক্রিকেটও খেলছি। আমি পারফর্ম করছি, এটাও দলের জন্য দরকার। কারণ নেতা যখন পারফর্ম করে না, দল মানসিকভাবে একটু পিছিয়ে থাকে। সেদিক থেকে বলব, আমার দলের যেহেতু সবাই পারফর্ম করছে, আমারও একটা চ্যালেঞ্জ ছিল যেন ইনপুট দিতে পারি (ব্যাট হাতে), পারফর্ম যেন করতে পারি। সেদিক থেকে আমি খুবই খুশি যে দলের একটি অংশ হিসেবে প্রভাব রাখতে পারছি।’
সিরিজের তিন ম্যাচে ১৪৫ রান করে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন লিটন। তৃতীয় ও শেষ খেলেছেন ৪৬ বলে ৭৩ রানের ইনিংস। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় সম্ভব হয়নি ডাচদের ধবলধোলাই করা।
নিলয়/