ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এখন থেকে তাদের এআই চ্যাটবটের সঙ্গে ব্যবহারকারীদের কথোপকথনের তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন দেখাবে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য এই নতুন নীতি গ্রহণ করা হয়েছে।
চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়ন বাদে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য এই নীতি কার্যকর হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না।
নতুন নীতির আওতায়, ব্যবহারকারীরা এআইয়ের সঙ্গে ভয়েস চ্যাট বা টেক্সট বার্তায় যা আলোচনা করবেন, তা স্ক্যান করা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীর আগ্রহ সম্পর্কে ধারণা নিয়ে তাকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানো হবে।
মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, ‘আপনি মেটা এআইয়ের সঙ্গে হাইকিং নিয়ে কথা বললে আমরা বুঝব, আপনি হাইকিংয়ে আগ্রহী। এর ফলে, আপনি হাইকিং গ্রুপের সুপারিশ, বন্ধুদের হাইকিং সম্পর্কিত পোস্ট বা হাইকিং বুটের বিজ্ঞাপন দেখতে পারেন।’
মেটার এআই চ্যাটজিপিটির মতো কাজ করে। এটি তাদের বিভিন্ন অ্যাপে সংযুক্ত রয়েছে, যা বিশ্বব্যাপী প্রায় ৩৫০ কোটি মানুষ ব্যবহার করছে। মেটার হিসাবে, প্রতি মাসে প্রায় ১০০ কোটি মানুষ এই এআই টুল ব্যবহার করেন। তবে ব্যবহারকারীদের ধর্মীয় বিশ্বাস, যৌন অভিমুখিতা ও রাজনৈতিক মতামতের মতো সংবেদনশীল তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হবে না বলে জানিয়েছে মেটা। চলতি মাসের ৭ তারিখে ব্যবহারকারীদের কাছে এ নিয়ে নোটিফিকেশন পাঠানো হবে। সূত্র: এনগ্যাজেট