দিল্লি থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের রক্ষণাবেক্ষণ লগবুকে লেখা এক অদ্ভুত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেখানে লেখা হয়েছিল—“Cockroach hanged until death”, অর্থাৎ ‘তেলাপোকাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’
বিমানের এক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (Aircraft Maintenance Engineer) এই মন্তব্যটি লগবুকে লিখেছিলেন। তাঁর এই ব্যঙ্গাত্মক ভঙ্গি ও রসিক ভাষা মুহূর্তেই নেটিজেনদের মন জয় করেছে।
শুক্রবারের (২৪ অক্টোবর) এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI 315 দিল্লি থেকে দুবাই যাওয়ার পথে এক যাত্রী বিমানের কেবিনে জীবিত একটি তেলাপোকা দেখতে পান। বিষয়টি লগবুকে নথিবদ্ধ করতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী হাস্যরসাত্মক ভঙ্গিতে লিখে দেন—“Cockroach hanged until death.”
বিমানের এই লগবুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিমানবিষয়ক সাংবাদিক জাগৃতি চন্দ্রা। তিনি এক্স (সাবেক টুইটার)-এ ছবিটি পোস্ট করে লিখেছিলেন, “খালাস, দুবাই স্টাইল।” আরবি শব্দ ‘খালাস’–এর অর্থ ‘শেষ’ বা ‘সমাপ্ত’।
ঘটনার পোস্টটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা নানা রসিকতায় মেতে ওঠেন। কেউ লিখেছেন, “ফাঁসির দড়ি কি চায়ের ব্যাগের সুতো দিয়ে বানানো হয়েছিল?”
আরেকজন মন্তব্য করেন, “এ যেন তেলাপোকাদের ভগত সিং!”
কেউ আবার হেসে লিখেছেন, “এই প্রকৌশলীকে অবশ্যই পদোন্নতি দেওয়া উচিত, এমন সৃষ্টিশীলতার জন্য!”
রসিকতা এখানেই থামেনি— একজন জানতে চেয়েছেন, “তেলাপোকার মৃতদেহ কি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে?” আরেকজন কৌতুক করে লিখেছেন, “কোন আদালত মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল?”
ঘটনাটি নিয়ে এখনো এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন, এটি সম্ভবত এয়ারলাইনের ইতিহাসে সবচেয়ে রসিক ও স্মরণীয় লগবুক মন্তব্য।
বিমান রক্ষণাবেক্ষণের লগবুক বা “ক্যাবিন ডিফেক্ট লগ” হলো একটি গুরুত্বপূর্ণ নথি, যেখানে যাত্রাকালে যেকোনো যান্ত্রিক ত্রুটি বা পরিচ্ছন্নতা–সংক্রান্ত সমস্যা লিপিবদ্ধ করা হয়, যাতে পরবর্তী উড়ানের আগে তা সমাধান করা যায়।
মেহেদী/