জাপানে তিন দশকের মধ্যে সবচেয়ে বড় দাবানলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং দেশটির উত্তরাঞ্চল থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানাচ্ছেন, ওফুনাটো শহরের আশপাশ এলাকা থেকে প্রায় দুই হাজার মানুষ তাদের বন্ধু বা আত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছে এবং এক হাজার ২০০ জনেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
রবিবার (২ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানায় এএফপি।
মুখপাত্র বলেন, ‘আমরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকার আকার পরীক্ষা করছি, তবে হোক্কাইডোর কুশিরোতে ১৯৯২ সালের দাবানলের পর এটিই সবচেয়ে বড় দাবানল।’
অগ্নিকাণ্ডের ফলে এক হাজার ৮০০ হেক্টরের বেশি এলাকা জ্বলছে বলে ধারণা করা হচ্ছে।
এনএইচকে-এর আকাশ থেকে তোলা এক ফুটেজে দেখা গেছে, আগুন লাগার চার দিন পর সাদা ধোঁয়ার কুণ্ডলী উড়ছে এবং সামরিক হেলিকপ্টারগুলো আগুন নেভানোর চেষ্টা করছে।
এ পর্যন্ত একজনের পুড়ে যাওয়া মৃতদেহ পাওয়া গেছে, ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক হাজার ৭০০ অগ্নিনির্বাপক কর্মী বর্তমানে ঘটনাস্থলে কাজ করছেন।
সরকারি তথ্য অনুযায়ী, ১৯৭০-এর দশকে সর্বোচ্চ দাবানলের পর এ ধরনের ঘটনা ঘটেছে। তবে ২০২৩ সালে জাপানজুড়ে প্রায় এক হাজার ৩০০টি দাবানল ঘটে। যা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঘনীভূত হয়, যখন বাতাসের আর্দ্রতা কমে যায় এবং প্রবল বাতাস বইতে থাকে। সূত্র: এএফপি
বাসস/তাওফিক/