কাশ্মীরের পেহালগামে সম্প্রতি হওয়া জঙ্গি হামলার পর ভারতজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই পরিপ্রেক্ষিতে কলকাতায় থাকা পাকিস্তানি নাগরিকদের ওপরে বিশেষ নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো।
গোয়েন্দা সূত্রের খবর, বর্তমানে কলকাতায় ‘লং টার্ম ভিসা’ (এলটিভি) নিয়ে ৩০ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাদের একটা বড় অংশই গৃহবধূ, যারা কলকাতার পুরুষদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এখানে বসবাস করছেন। অনেকেই বহু বছর ধরে এই শহরেই রয়েছেন।
নিয়ম অনুযায়ী কোনো পাকিস্তানি নাগরিক ভারতীয় নাগরিককে বিয়ে করলে তাকে প্রথমে পাঁচ বছরের জন্য এলটিভি দেওয়া হয়। সেই মেয়াদ শেষ হলে এক বা দুই বছরের জন্য নতুন করে ভিসা নবায়ন করতে হয়। নবায়নের সময় ওই পাক নাগরিকদের পুলিশ বা গোয়েন্দা দপ্তরে গিয়ে রিপোর্ট করতে হয়। অন্যদিকে গোয়েন্দারাও তাদের কার্যকলাপ খতিয়ে দেখেন। সবকিছু ঠিকঠাক থাকলে তবেই ভিসা নবায়নের সুপারিশ করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
তবে এখন পরিস্থিতি ভিন্ন। পেহালগামে ঘটনার পর এই পাক নাগরিকদের ওপর নজর আরও বাড়ানো হয়েছে। গোয়েন্দারা খতিয়ে দেখছেন, তাদের সঙ্গে স্থানীয় বা বাইরের কারা কারা মেলামেশা করছেন, কার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে তাদের সংযোগ কেমন।
একাধিক গোয়েন্দা সূত্রের দাবি, এই গৃহবধূদের অনেকেই নিয়মিত তাদের পাকিস্তানের বাপের বাড়ির লোকজনের সঙ্গে ফোনে বা অন্য মাধ্যমে যোগাযোগ রাখেন। তাতে আপাতদৃষ্টিতে সন্দেহজনক কিছু না থাকলেও গোয়েন্দারা খতিয়ে দেখতে চাইছেন এই যোগাযোগের আড়ালে অন্য কোনো উদ্দেশ্য বা ষড়যন্ত্র লুকিয়ে আছে কি না।
এদিকে যারা সার্ক ভিসা নিয়ে ভারতে এসেছেন, তাদের বিষয়ে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ জারি করেছে। তবে এখন পর্যন্ত কলকাতায় কোনো সার্ক ভিসাধারী পাকিস্তানি রয়েছেন কি না, সে নিয়ে গোয়েন্দারা নিশ্চিত নন।
সব মিলিয়ে গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। প্রশাসন চাইছে, শহরে বসবাসকারী কোনো ব্যক্তি যেন দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক না হয়ে ওঠেন। আর তাই বিশেষ নজরদারি চলছে পাকিস্তানের নাগরিক, বিশেষ করে পাক বধূদের ওপর।