যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ‘বাস্তব হুমকি’ রয়েছে বলে জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে নিজের ‘সাম্রাজ্যের’ অংশ হিসেবে দেখছে।
তার এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ায় সামরিক অভিযান চালানোর কথা ‘ভালোই শোনায়’ বলে মন্তব্য করেছেন। পেত্রোর মতে, যুক্তরাষ্ট্র বিশ্বকে নিয়ন্ত্রণ করার অবস্থান থেকে সরে গিয়ে ধীরে ধীরে ‘বিশ্ব থেকে বিচ্ছিন্ন’ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
তিনি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সংস্থার সদস্যদের ‘নাৎসি ব্রিগেড’-এর সঙ্গে তুলনা করেন।
ভেনেজুয়েলায় অভিযানের পর ট্রাম্প একাধিকবার পেত্রোকে ‘নিজের পিঠ বাঁচিয়ে চলার’ পরামর্শ দিয়েছেন। পেত্রো বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন।
গত বুধবার সন্ধ্যায় ট্রাম্প ও পেত্রোর মধ্যে ফোনে কথা হয়। এরপর ট্রাম্প বলেন, অদূর ভবিষ্যতে তিনি হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। ফোনালাপের পর বুধবার রাতে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, পেত্রোর সঙ্গে তার কথোপকথন ছিল ‘একটি বড় সম্মান।’ সে সময় এক কলম্বীয় কর্মকর্তা জানান, কথাবার্তায় উভয় পক্ষের বক্তব্যে ‘১৮০ ডিগ্রি পরিবর্তন’ দেখা গেছে।
তবে গত বৃহস্পতিবার পেত্রোর বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, সম্পর্কের তেমন উন্নতি হয়নি। তিনি বিবিসিকে বলেন, ‘ফোনালাপটি এক ঘণ্টার কিছু কম সময় ধরে চলে এবং এর বেশির ভাগ সময়ই আমি কথা বলেছি। আলোচনায় ছিল কলম্বিয়ায় মাদক পাচার, ভেনেজুয়েলা সম্পর্কে কলম্বিয়ার অবস্থান এবং লাতিন আমেরিকা জুড়ে যুক্তরাষ্ট্রকে ঘিরে কী ঘটছে।’
ট্রাম্প অভিযোগ করেছেন, কলম্বিয়া ও ভেনেজুয়েলার মতো দেশগুলো মাদক পাচার দমনে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে ব্যবহৃত বলে দাবি করা জাহাজের ওপর ৩০টির বেশি হামলা চালিয়েছে, যাতে ১১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে প্রচারিত এক সাক্ষাৎকারে ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে ট্রাম্প বলেন, জলপথে মাদক পাচার লক্ষ্য করার পর এখন তারা ‘স্থলভাগেও হামলা শুরু করবে’। তিনি আরও যোগ করেন, ‘মেক্সিকোতে মাদক গোষ্ঠীর নিয়ন্ত্রণ চালাচ্ছে।’ সূত্র: বিবিসি