মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং গাজা সংঘাত নিরসনে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশেষ আন্তর্জাতিক সংস্থা ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে হোয়াইট হাউস।
স্থানীয় সময় গত শুক্রবার (১৬ জানুয়ারি) তারিখে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এই শান্তি প্রচেষ্টাকে একটি ‘ঐতিহাসিক এবং মহৎ উদ্যোগ’ হিসেবে বর্ণনা করেছেন।
শান্তি পরিকল্পনার রোডম্যাপ চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন যে, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর তিনি গাজা সংঘাত নিরসনে একটি ২০ দফার ব্যাপকভিত্তিক পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এই পরিকল্পনাটি ইতোমধ্যে বিশ্বনেতা এবং ইসরায়েলসহ আরব বিশ্বের দেশগুলোর সমর্থন পেয়েছে। এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদও ২৮০৩ নম্বর রেজোলিউশনের মাধ্যমে এই ভিশনকে সমর্থন ও অনুমোদন দিয়েছে।
‘বোর্ড অব পিস’ ও নতুন বৈশ্বিক প্রেক্ষাপট ট্রাম্প তার চিঠিতে মোদিকে জানান, এখন এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে। এর কেন্দ্রে রয়েছে ‘বোর্ড অব পিস’, যা একটি নতুন আন্তর্জাতিক সংস্থা এবং অন্তর্বর্তীকালীন গভর্নিং প্রশাসন হিসেবে কাজ করবে।
ট্রাম্পের মতে, এটি এ পর্যন্ত গঠিত হওয়া সবচেয়ে প্রভাবশালী বোর্ড হতে যাচ্ছে। তিনি ভারতের প্রধানমন্ত্রীকে এই বোর্ডে যোগ দিয়ে নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
মোদির গুরুত্ব ও ট্রাম্পের কূটনীতি চিঠিতে প্রধানমন্ত্রী মোদিকে ‘হিজ এক্সেলেন্সি’ সম্বোধন করে ট্রাম্প বলেন, এই মহৎ দায়িত্ব পালন করার সম্মান কেবল তাদের জন্যই সংরক্ষিত যারা দৃষ্টান্তমূলক নেতৃত্ব দিতে প্রস্তুত। অদূর ভবিষ্যতে ট্রাম্প বিশ্বের শীর্ষ নেতাদের নিয়ে এই বিষয়ে একটি সম্মেলন ডাকার পরিকল্পনা করছেন, যেখানে ভারতের সক্রিয় অংশগ্রহণকে তিনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।
বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ড ইস্যুতে যখন ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলছে, তখন মধ্যপ্রাচ্য শান্তিতে ভারতকে পাশে পাওয়ার এই পদক্ষেপ ট্রাম্পের এক নতুন কূটনৈতিক কৌশলের অংশ। এখন দেখার বিষয়, ওয়াশিংটনের এই গুরুত্বপূর্ণ আমন্ত্রণে নয়াদিল্লি কীভাবে সাড়া দেয়।
মাহফুজ/