‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’, স্লোগানকে সামনে রেখে ‘বিডি ক্লিন’ বরিশাল বিভাগের সব ইউনিটের সমন্বয়ে কুয়াকাটা সমুদ্রসৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত সংগঠনটি পর্যটকদের কাছে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন সৈকত উপহার দিতে চায়।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় কুয়াকাটা সমুদ্রসৈকতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম শপথবাক্য পাঠ করানোর মাধ্যমে ‘বিডি ক্লিন’-এর এ অভিযানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদসহ ‘বিডি ক্লিন’ বরিশাল বিভাগের সব ইউনিটের সমন্বয়ক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
‘বিডি ক্লিন’ বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, কুয়াকাটা সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা অভিযানে আমরা বরিশাল থেকে এখানে এসেছি। আমরা কুয়াকাটা টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করব। সাগরকন্যা কুয়াকাটা সারা বিশ্বের কাছে অন্যতম একটি পর্যটনকেন্দ্র। আমরা বিডি ক্লিন বরিশাল বিভাগের সকল ইউনিটের সমন্বয়ক আজকের এ অভিযানে অংশ নিচ্ছি। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, কুয়াকাটা টিমের সমন্বয়ে আজকের এই কর্মসূচি।
‘বিডি ক্লিন’ পটুয়াখালী জেলা শাখার উপসমন্বয়ক রাকায়েত হোসেন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য পর্যটকদের কাছে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন সৈকত উপহার দেওয়া। পাশাপাশি সবার উদ্দেশে আমরা একটি মেসেজ পৌঁছে দিতে চাই। আজ আমরা যেভাবে পরিষ্কার করলাম, এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের তারা যেন এ ধারাবাহিকতা বজায় রাখেন। সৈকতে কোনোভাবেই যেন কেউ প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন না ফেলেন। আশা করছি, আমাদের এ কার্যক্রম দেখে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভবিষ্যতে এগিয়ে আসবে, উৎসাহিত হবে।
বিডি ক্লিন কুয়াকাটা ইউনিটের সমন্বয়ক আসাদুজ্জামান মিরাজ বলেন, কুয়াকাটায় আজকের যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে এর ধারাবাহিকতা ধরে রাখতে কুয়াকাটা ইউনিটের আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছে রয়েছে। আজকের এই অভিযানে অংশগ্রহণের জন্য বরিশাল বিভাগের সব ইউনিটের সমন্বয়কসহ সব সদস্যকে কুয়াকাটা টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে বিডি ক্লিনের সদস্যরা কাজ করছে। এ দায়িত্ব শুধু বিডি ক্লিনের নয়, সমাজের সবার।