চলতি বছরের প্রথম চার মাসে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ যাওয়া অভিবাসনপ্রত্যাশীর ২১ শতাংশই বাংলাদেশি। এসব ঘটনায় মামলা হলেও দায়ীদের শাস্তি হওয়ার নজির নেই। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) এক পরিসংখ্যানে এমনটা বলা হয়েছে। এতে বলা হয়, অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে মারা যায় ১২ শতাংশ।
বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশের বাড়ি মাদারীপুর জেলায়। গত এক দশকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে মৃত্যু হয়েছে অসংখ্য বাংলাদেশির, যাদের অনেকের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। গত পাঁচ বছরে শুধু মাদারীপুরেই মানব পাচারের মামলা হয়েছে ২৪৭টি।
আইএমও বলছে, প্রলোভনের ফাঁদে এমন মৃত্যু এবারই প্রথম নয়। তবে এটিই শেষ তাও বলা যাবে না। কারণ গত পাঁচ বছরে মাদারীপুরে মানব পাচারের ২৪৭টি মামলায় ১ হাজার ২৫২ জন আসামি হলেও আটক হয়েছে মাত্র ১৬৪ জন। কিন্তু সাজা হয়নি একটিতেও। এটাও পাচারকারীদের উৎসাহিত করছে।
অবৈধভাবে ইউরোপে অভিবাসী হতে গিয়ে অনেকে ভূমধ্যসাগরকে ব্যবহার করছে। কিন্তু ইউরোপে ঢুকতে না পেরে তাদের উল্লেখযোগ্য অংশ ভূমধ্যসাগরে ডুবেই মারা যাচ্ছে।
প্রতিবছর নানা কারণে বিশ্বজুড়ে ২০ শতাংশ মানুষ অভিবাসনের চেষ্টা করছে। তারা নানা কারণে অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করছে। গত বছর আট হাজারেরও বেশি মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা গেছে। তবে তার মধ্যে বাংলাদেশের কত শতাংশ ছিল, সেটি নিশ্চিত করতে পারেনি আইওএম।
রিয়াজ/এমএ/