দেশের কয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান ও বাগেরহাট জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যৌথভাবে রংপুর ও রাজারহাটে ৩১ মিলিমিটার/মিমি।
সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। ঢাকায় বাতাসের গতি দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে রবিবার (১৩ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ও সিতাকুণ্ডে ৩৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যৌথভাবে রংপুরের রাজারহাট, ডিমলা এবং রাজশাহীর বদলগাছিতে ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
পপি/