আন্দোলনরত প্রকৌশলের শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণের পথ বাতলে দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, আন্দোলনরত প্রকৌশলী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দাবি-দাওয়া নিয়ে প্রস্তাব দিলে সচিব কমিটি তাদের সমস্যা সমাধান করে দেবে।
বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ে সচিব বলেন, ‘তারা (আন্দোলনরত প্রকৌশলী) যদি তাদের দাবিগুলো স্মারকলিপি আকারে দেন, এগুলো নিয়ে তারা অনেক রিসার্চ করেছেন, তাদের কাছে আইন-কানুন আছে, এগুলো যদি অ্যাটাচ করে দেন, আমরা অল্প সময়ে এটা সমাধান করে দিতে পারব। আমাদের কাছে কোনো আবেদন আসেনি আমরা বিষয়টি শুনেছি। এখন আপনারা আমার কাছে এ বিষয়ে প্রশ্ন করতেছেন।’
তাদের দাবি-দাওয়া আপনারা কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সঙ্গে পিএসসি (সরকারি কর্ম কমিশন) জড়িত, জনপ্রশাসন জড়িত, মন্ত্রিপরিষদ জড়িত, লেজিসলেটিভ বিভাগ বিভাগ জড়িত, আর যে সকল প্রকৌশলীরা যে মন্ত্রণালয় চাকরি করছেন ওই সব মন্ত্রণালয় জড়িত। সবার সঙ্গে বসে, এটাকে বলে অন্তঃমন্ত্রণালয় সভা, এর অফিসিয়াল একটা নাম আছে সচিব কমিটি, সেখানে এটা তুললেই সমাধান হবে, একটি বা দুটি মিটিং লাগবে। এটা সম্ভব, এটা এমন কোনো জটিল বিষয় নয়।’
মোখলেস উর রহমান বলেন, ‘যারা ভুক্তভোগী তারা তাদের মন্ত্রণালয়ের মাধ্যমে এই প্রস্তাবটা আনবে। আমরা এটা ইতিবাচকভাবে (পজিটিভলি) দেখব, আমরা এটা ফেলে রাখবো না।’
তারা শাহবাগে বসে আছে এতে মানুষের ভোগান্তি হচ্ছে- এ বিষয়ে তিনি বলেন, ‘এই ভোগান্তি তো আমরা অফিসাররাও কম করিনি। কার কথা বলবেন!’
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা যেমন দাবি করছেন, অন্যদিকে ডিপ্লোমা প্রকৌশলীরাও আন্দোলনে নেমে গেছে- বিষয় দৃষ্টি আকর্ষণ করলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘দুটিই তো সরকারের। বেসরকারি নিয়ে তো কোনো সমস্যা নেই। সরকারের সুবিধা যারা বেশি খায়, সমস্যা তারাই বেশি সৃষ্টি করে। এনারা যে প্রস্তাব নিয়ে আসতেছেন আমরা সমাধান করার জন্য প্রস্তুত। তাদের প্রস্তাব আসলে আমরা সবাইকে ডাকব।’
তিনি বলেন, ‘রাস্তাঘাট বন্ধ করার কোনো দরকার নেই, ইট ইজ নট ওয়াইজ। এই সরকারের আমলে আমরা কত রাস্তাঘাট বন্ধ করেছি- সেদিন একটা হিসাব দেখেননি? এরমধ্যে আমরা সরকারি লোকেরাই বেশি করেছি, (রাস্তাঘাট বন্ধ) জনসাধারণ কম করেছে।’
আন্তঃমন্ত্রণালয়ের বা সচিব কমিটির সভা কবে করবেন? জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, ‘যখন কাগজ আসবে আমরা প্লেস করব, আন্তঃমন্ত্রণালয় মিটিং তো আমরা যখন দরকার হয়, আমরা তখনই করি। এটার প্রধান মন্ত্রিপরিষদ সচিব। সব সচিবরা এটার সদস্য। এখানে নেগেটিভ কিছুই নেই। শুধু এটা না বুঝে যারা করতেছে, আপনাদের যদি সুযোগ হয় তাদের বোঝান- তোমরা যা চাও সেটা সুন্দর করে বুঝিয়ে মিনিস্ট্রিতে লিখে জায়গামতো দিয়ে আসো, সমাধান হয়ে যাবে।’
প্রকৌশল শিক্ষার্থীদের তিনদফা দাবির মধ্যে রয়েছে- ১) নবম গ্রেডের ইঞ্জিনিয়ারিং পদ বা সহকারী প্রকৌশলী বা সমমানের পদে প্রবেশের জন্য সকলকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর কমপক্ষে বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোটার মাধ্যমে পদোন্নতি দেওয়া যাবে না। এমনকি বিভিন্ন নামে সমমানের পদ সৃষ্টি করেও পদোন্নতি দেওয়া যাবে না। ২) দশম গ্রেডের কারিগরি পদ বা উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদের জন্য নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে। ৩) ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি না থাকলেও ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।
প্রকৌশলের শিক্ষার্থীরা জানান, তারা ছয় মাস ধরে দাবি জানিয়ে এলেও সরকার এসব দাবি পূরণে কাজ করেনি। সরকার তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।
এদিকে বুধবার (২৭ আগস্ট) রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশলের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। দুপুর ১টা ৩০ এর দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
দুপুর ১টা ৪০ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীরা মৎস্য ভবনের সামনে পৌঁছলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শুরু করে। এ সময় শিক্ষার্থীরা লাঠি, ইট নিক্ষেপ করতে থাকলে ১টা ৫০ মিনিটে পুলিশ জলকামান ব্যবহার করে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তারা মিছিল নিয়ে টিএসসি হয়ে চারুকলার সামনে দিয়ে শাহবাগ মোড়ে মূল সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে শাহবাগ ও আশেপাশের সড়ক বন্ধ হয়ে যায়।
> প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন
> পুলিশ-প্রকৌশলের শিক্ষার্থী সংঘর্ষ, টিয়ারশেল-জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
> প্রকৌশলের শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান, চারদিকে যানজট
অমিয়/