গাজীপুরের কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা।
শনিবার (২৯ নভেম্বর) সকালে শ্রমিকরা প্রথমে কারখানার মূল ফটকে অবস্থান নেয়। পরে তারা পিএন কম্পোজিট লিমিটেডের সামনে গিয়ে আন্দোলন শুরু করে।
পরে পুলিশ তাদের বুঝিয়ে ওই কারখানার সামনে থেকে সরিয়ে দেয়।
পুলিশ ও শ্রমিকরা জানায়, হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা জেনারেল ম্যানেজার এবং প্রশাসনিক কর্মকর্তাকে অপসারণসহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করে আসছিলেন। এর প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ গত ২৫ নভেম্বর থেকে শ্রম আইন দেখিয়ে অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করে। একইসঙ্গে গত ২৬ নভেম্বর বিভিন্ন সেকশনের মোট ৫৮ জন শ্রমিককে সাময়িক বরখাস্তসহ কারণ দর্শানোর নোটিশ দেয়।
একাধিক শ্রমিক জানান, কারখানা বন্ধ চাই না, আমরা কাজ করতে চাই। কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি, দ্রুত যেন কারখানা খুলে দেওয়া হয়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, শ্রমিকদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। বেআইনি অযৌক্তিক দাবির প্রতি আমাদের কোনো সমর্থন নেই। তবে কোনো নিরীহ শ্রমিক হয়রানির শিকার না হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান খবরের কাগজকে বলেন, সকালে বন্ধ কারখানার শ্রমিকরা পিএন কম্পোজিট লিমিটেডের সামনে আসলে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, রবিবার (৩০ নভেম্বর) কলকারখানা অধিদপ্তরে মালিক ও শ্রমিক পক্ষ বসার কথা রয়েছে।
পলাশ প্রধান/অমিয়/