ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে জেলার পুলিশ সুপারের (এসপি) পর এবার ৫২৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করেছে সরকার। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানার ওসিকে এই লটারির মাধ্যমে বদলি করা হয়নি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ঢাকা রেঞ্জের এক কর্মকর্তা বলেন, ‘লটারিতে ওসিদের বদলির আগে তাদের কাছ থেকে একটি তালিকা চেয়েছিল পুলিশ সদর দপ্তর। সৎ ও যোগ্য পুলিশ অফিসার ছাড়াও যারা বিগত সরকারের সময় নির্বাচনে অংশ নেয়নি, এমন তালিকাও চাওয়া হয়।’ তবে তালিকায় মহানগর পুলিশের ১১০টি থানার নাম ছিল না।
ওসি বদলির তালিকায় ঢাকা রেঞ্জের ১৩ জেলার ৯৮ থানা, চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার ১১১ থানা, খুলনা রেঞ্জের ১০টি জেলার ৬৪ থানা, ময়মনসিংহ রেঞ্জের চার জেলার ৩৬ থানা, বরিশাল রেঞ্জের ছয় জেলার ৪৬ থানা, সিলেট রেঞ্জের চার জেলার ৩৯ থানা, রাজশাহী রেঞ্জের আট জেলার ৭১ থানা এবং রংপুর রেঞ্জের আট জেলার ৬২ থানা রয়েছে।
এর আগে গত ২৫ নভেম্বর সব জেলার পুলিশ সুপার লটারির মাধ্যমে বদলি করা হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা যাবে না। পুলিশের ক্ষেত্রে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য। তফসিলের পর মন্ত্রিপরিষদ বিভাগকে এ-সংক্রান্ত চিঠি দিয়ে থাকে ইসি। নির্বাচন পরিচালনাকারী সংস্থাটি শিগগির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে।