ভোটের তফসিল ঘোষণার পর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এ বৈঠক শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি, বাহিনীগুলোর সমন্বিত ভূমিকা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত রয়েছেন। নির্বাচন ভবনে পৌঁছালে ইসি সচিব আখতার আহমেদ তিন বাহিনীর প্রধানকে আলাদা আলাদাভাবে অভ্যর্থনা জানান।
তফসিল ঘোষণার পর এটি তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের প্রথম সরাসরি সাক্ষাৎ। বৈঠকে নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা, সম্ভাব্য ঝুঁকি এবং তা মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সময় চার নির্বাচন কমিশনার- আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন।
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, বেলা ১২টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কমিশনের সাক্ষাৎ শুরু হয়। এরপর দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পর্যালোচনা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে।
ওই সভায় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনী প্রধান বা তাদের উপযুক্ত প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের উপস্থিত থাকার কথা রয়েছে।
সভায় নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধিমালা-২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন, শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে নির্বাচন ভবনের বেজমেন্টে ব্রিফিং করা হবে বলেও জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক।
এলিস/এসজি/