গ্যাস এবং কনডেনসেট বিক্রি করে ২০২৪-২৫ অর্থবছরে ১৫৫ কোটি ১৬ লাখ টাকা করপূর্ব মুনাফা করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ। বিদায়ী অর্থবছরটিতে নিজেদের পরিচালিত পাঁচটি গ্যাস ফিল্ড থেকে প্রায় ৫ হাজার ৩০০ মিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদন এবং বিক্রি করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিএফসিএলের জনসংযোগ বিভাগ।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকায় পেট্রোবাংলার কার্যালয়ে বিজিএফসিএলের ৭০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান ও বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেনসহ পেট্রোবাংলা, বিজিএফসিএলের পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডাররা অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে বিজিএফসিএল পরিচালিত দেশের পাঁচটি গ্যাস ফিল্ডের উৎপাদনশীল ৩৮টি কূপ থেকে দৈনিক প্রায় ৫১৩ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করে তা দেশীয় পাঁচটি বিতরণ কোম্পানির মাধ্যমে বিক্রয় করা হয়। এছাড়া ওই অর্থবছরে গ্যাসের উপজাত হিসেবে দিনে প্রায় ৪০৩ ব্যারেল হারে ২৩১ দশমিক ৪৭ লাখ লিটার কনডেনসেট উৎপাদন এবং বিক্রি করা হয়, যার ক্রেতা বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড।
এছাড়াও বর্তমানে বিজিএফসিএল পরিচালিত গ্যাস ফিল্ডগুলো থেকে প্রতিদিন ৪৮৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে, যা দেশের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ২৭ শতাংশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদনের প্রায় ৬৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদায়ী অর্থবছরে কোম্পানির করপূর্ব মুনাফা হয়েছে ১৫৫ কোটি ১৬ লাখ টাকা। একই অর্থবছরে ভ্যাট, আয়কর, লভ্যাংশ এবং ডিএসএল বাবদ সরকারি কোষাগারে ১ হাজার ৮৩ কোটি ৮৮ লাখ টাকা জমা প্রদান ছাড়াও পেট্রোবাংলার মাধ্যমে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (অগ্রীম) হিসেবে সরকারকে ১০ কোটি টাকা পরিশোধ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আজিজুল/নাঈম