ইসলাম শিক্ষা ও মানব কল্যাণে অবদান রাখায় ৯ জনকে সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি। এছাড়া ৫০জন ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি বাবদ নগদ টাকা ও সার্টিফিকেট প্রদান করেছে সংগঠনটি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকার নিউস্কাটনে বিয়াম অডিটরিয়ামে বার্ষিক প্রতিনিধি সম্মেলনে এই সম্মাননা পত্র প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত ৯জন হলেন- ইসলামি শিক্ষা ও উলামা ঐক্যের অবদানের জন্য মাওলানা মুহাম্মদ মামুনুল হক, শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় প্রফেসর মাহবুব আহমদ, মানব কল্যাণে অনন্য অবদানে অধ্যাপক আবু নাছের মোহাম্মদ আবদুজ জাহের, মহিলাদের মধ্যে দীনি দাওয়াত বিস্তারে প্রফেসর ড. শামীমা তাসনিম, চব্বিশের জুলাই বিপ্লবে অবদানে সংসদ সদস্য নাহিদ ইসলাম, আদর্শ প্রশাসক হিসেবে শাহ আবদুল হান্নান (মরনোত্তর) এবং এ জেড এম শামসুল আলম (মরণোত্তর), কুরআন ও দীন প্রচারে মুহাম্মাদ নূরুল ইসলাম (মরণোত্তর), কুরআনের বৈজ্ঞানিক গবেষণায়- এয়ার কমোডর ড. সৈয়দ জিলানী মাহবুবুর রহমান (মরণোত্তর)।
মেজর জেনারেল মাহবুব উল আলম (অব.) বলেন, ‘একটি জাতির প্রকৃত শক্তি শুধু অর্থনৈতিক বা সামরিক সক্ষমতায় নয় বরং নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক ভিত্তির ওপর নির্ভরশীল। কুরআনের শিক্ষা মানুষকে আত্মনিয়ন্ত্রণ, সততা ও দায়িত্বশীলতার চর্চা শেখায়, যা একটি সুশাসিত সমাজ গঠনের মূল উপাদান। ঘরে ঘরে কুরআন শিক্ষা পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত ও সৎ নেতৃত্বে গড়ে তুলতে সহায়ক হবে।’
তিনি বলেন, ‘এই স্বীকৃতি কেবল সম্মান নয় বরং এটি একটি আমানত, যা ভবিষ্যতে আরও বড় পরিসরে দ্বীনি ও সামাজিক সেবায় অবদান রাখার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, ‘বর্তমান মুসলিম উম্মাহ নানাবিধ সংকট ও সমস্যার সম্মুখীনের অন্যতম প্রধান কারণ হলো অনৈক্য ও বিভক্তি। ভিন্ন ভিন্ন দল বা সংগঠনের মধ্যে কিছু মতপার্থক্য থাকাটা স্বাভাবিক। তবে ইসলাম প্রতিষ্ঠা, কুরআনের শিক্ষা প্রসার এবং উম্মাহর কল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার ভিত্তিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।’
আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম সভাপতিত্বে আরও উপস্থিতি ছিলেন- প্রফেসর মাহবুব আহমদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হাকিম আজিজ (অব.) ও প্রফেসর ড. শামীমা তাসনিম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রোক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির সহ-সভাপতি মাহফুজুর রহমান এবং সহকারি জেনারেল সেক্রেটারি আরশাদ মঞ্জুর চৌধুরী।
শফিকুল/রিফাত/