লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি।
সোমবার (১ জুন) সকালে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু স্বপ্ন ভঙ্গ হয়ে অনেকেই লিবিয়ায় অপহরণ, নির্যাতন ও মানবেতর জীবনের শিকার হন। অবশেষে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিতদের প্রত্যেককে ভ্রমণ খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়।