ময়মনসিংহের গফরগাঁওয়ে শামসুল হক নামে এক আওয়ামী লীগের কর্মীকে মারধর করে তার চারটি গরু ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের দাউদাই গ্রামের বাড়ি থেকে গরুগুলো নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা ঝড় বইছে।
গরু ছিনিয়ে নিয়ে যাওয়া নেতারা হলেন- টাংগাব ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির নেতা ইসলাম উদ্দিন, মোখলেস মিয়া, যুবদল নেতা ইমরান হোসেন ও কাশেম মিয়া। তাদের নেতৃত্বে ১০-১২ জন নেতা-কর্মী গরুগুলো নিয়ে যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় বিএনপির দ্বায়িত্বশীল নেতারা। তারা বলছেন, বিএনপি নেতা-কর্মীদের কাছে এমন ঘটনা কখনোই কাম্য নয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোরভাবে হুশিয়ারি দিয়ে বলেছেন, তাদের কোনো নেতার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ আসলে দল থেকে বহিষ্কার করা হবে।
ঘটনাটি জানতে কথা হয় গরুগুলোর মালিক আওয়ামী লীগ কর্মী শামসুল হক বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতি করলেও গ্রামের কারও কখনো কোনো ক্ষতি করিনি। পুলিশে ধরিয়ে দেবে হুমকি-ধমকি দিয়ে জোর করে বাড়িতে থাকা চারটি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওইসব বিএনপির নেতাকর্মীরা। এমতাবস্থায় বাধা দিলে আমাকে মারধর করা হয়। আকুতি-মিনতি করেও গরু রাখতে পারিনি। তারা ধাক্কা দিয়ে আমাকে ফেলে চারটি গরু নিয়ে চলে যান। পরে জানতে থানা পুলিশ জানতে পেরে রাতে গরুগুলো উদ্ধার করে আমাকে দিয়ে গেছে পুলিশ।
বক্তব্য জানতে টাংগাব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও মোখলেস মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি। খবরের কাগজের পরিচয় দিয়ে এসএমএস পাঠালেও সারা পাওয়া যায়নি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, ঘটনাটি নজরে আসার পর গরুগুলো উদ্ধার করে শামসুল হকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, দলের কোনো নেতা-কর্মী চাঁদাবাজি কিংবা অপকর্ম করলে তাদের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। যারা গরু ছিনতাইয়ের ঘটনায় জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
কামরুজ্জামান মিন্টু/জোবাইদা/