‘আমাদের দেশের নেতারা রাস্তা নির্মাণের টাকা আত্মসাৎ করে আর ভোটাররা ২ হাজার ১ হাজার টাকায় ভোট বিক্রি করে দেয়। এটা আর হতে দেওয়া যাবে না। আপনার পরিবারের কোনো সদস্য যদি এরকম করতে চায়, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। কেননা যেই নেতার কাছে ভোট বিক্রি করবেন সেই নেতা ৫ বছর অত্যাচার করবে, মুখ বুঝে সহ্য করতে হবে। কিচ্ছু বলতে পারবেন না।’
মঙ্গলবার (২৭ মে) বিকালে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির পথসভার অংশ হিসেবে চকবাজারে প্রধান অতিথির বক্তব্যে এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘আপনার বাবা সরকারি চাকরি করে। ৪০ হাজার টাকা বেতন পায়। ২৫ হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দেয়। আপনাকে দেড় লাখ টাকায় আইফোন কিনে দেয়। আপনি যদি আপনার বাবার আয়কে প্রশ্ন করতে না পারেন, ক্ষমতাকে প্রশ্ন করতে না পারেন তাহলে চোখ বন্ধ করে বেতনভুক্ত একজন মাসিক কর্মচারী ছাড়া আর কিছুই হতে পারবেন না জীবনে। তাই বাবার আয়কে প্রশ্ন করতে শিখুন। এটা করতে না পারলে মনে করবেন আপনার শিক্ষার গুনগত মান হচ্ছে না। আমি যদি বাবার আয়কে প্রশ্ন করার সৎ সাহস রাখতে পারি তাহলে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরকে প্রশ্ন করার সৎ সাহস আমার থাকবে।’
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আমরা যদি পরিবার থেকে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে না পারি তাহলে কোনদিন রাষ্ট্র থেকে দুর্নীতি দূর করতে পারব না। এজন্য আগে নিজেকে সৎ হতে হবে। পরিবারেই দুর্নীতিকে না বলতে হবে। এই শিক্ষা ছড়িয়ে দিতে হবে।’
তিনি বলেন, ভালো প্রার্থী হওয়ার চেয়ে ভালো ভোটার হওয়া জরুরি। এমন ভোটার আমরা চাইনা যারা আগের রাতে টাকার বিনিময়ে ভোটটি বিক্রি করে দেবে।
হাসনাত বলেন, এই চকবাজার হচ্ছে স্বপ্ন বুননের জায়গা। এখানে কাঁধে ব্যাগ নিয়ে অনেকেই এসেছেন। তাদের পেছনে সেটি ব্যাগ নয়। সেটি স্বপ্ন বহনের ঝুড়ি। আর আমাদের সেই স্বপ্ন হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার। আমি যখন এই চকবাজারে এসে ক্লাস নিতাম, শিক্ষার্থীদেরকে শেখাতাম কীভাবে পরিবার থেকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে সামাজিক সমস্যাগুলো নিয়ে কথা বলা, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা। ক্ষমতাকে প্রশ্ন করা।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাইনা আমাদের ভাইয়েরা রাস্তায় নামুক। আর রাষ্ট্র তাদেরকে গুলি করে মারুক। আমরা দেশটাকে আর কোনো ফ্যাসিবাদি শক্তির হাতে তুলে দিতে পারিনা। আমাদের দেশের রাজনীতিতে যুক্ত হবে ডা. তাসনীম জারা মতো শিক্ষিত, সজ্জন, দেশপ্রেমিকরা। রাজনীতি কোনো প্রাপ্তির জায়গা না উল্লেখ করে তিনি আরও বলেন, রাজনীতি হচ্ছে দেওয়ার জায়গা।
আমরা ছোটবেলায় পড়তাম লেখাপড়া করে ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করব। কিন্তু সত্যি বলতে সেরকম ডাক্তার আমরা একজনও দেখেনি। তাসনীম জারা হলেন, সেই ডাক্তার যিনি বিদেশে পড়াশোনা করে দেশে ফিরে এসে সারাদেশের মানুষের সেবা করছেন বিনামূল্যে।
জুলাই আন্দোলনের অন্যতম এই নেতা আরও বলেন, আগামী নির্বাচনে যদি এনসিপি থেকে কোনো যোগ্য লোক না থাকে তাকে ভোট দেওয়ার দরকার নেই। মার্কা দেখে ভোট দিবেন না। সৎ, দেশপ্রেমিক, ভালো লোকদের ভোট দিবেন। যোগ্য লোক নির্বাচনের আগে নিজেও যোগ্য ভোটার হয়ে ওঠুন। ভুল নেতৃত্ব নির্বাচন করলে আবারও গুম, খুনের শিকার হতে হবে। সারাবছর নির্যাতন হতে হবে।
পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা বলেন, রাষ্ট্র কেন তার নিজের নাগরিককে গুম করবে, খুন করবে? আমরা এমন রাষ্ট্র আর চাইনা। আমরা এমন রাষ্ট্র চাইনা যেখানে ক্ষমতাহীন মানুষ বিচার চাইতে পারবে না। যেকোনো সাধারণ মানুষ ন্যায়্য বিচার পাবে, রাষ্ট্রের কাছ থেকে তার ন্যায্য হিস্যা বুঝে নিবে। রাষ্ট্রের কাছে এমন রাষ্ট্রই চাই আমরা। যার কোনো জনগণের সঙ্গে কানেকশন নাই, যারা অল্প কিছু মানুষের জন্য কাজ করবে এমন কাউকে আমরা চাইনা।
তিনি আরও বলেন, আমরা এমন দেশ চাইনা যেখানে মানুষ টাকার অভাবে চিকিৎসা পাইনা, সুশিক্ষার অভাব থাকে। এজন্য সবাইকে এক থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। বিদ্যমান সংবিধান থেকে বেরিয়ে আসতে হবে। কেননা আগের সংবিধানে শেখ হাসিনা দেশের নাগরিককে গুম করেছে, খুন করেছে। এই ব্যবস্থা আমরা আর চাইনা। নতুন বাংলাদেশকে আমরা নতুনভাবে গড়ে তুলব। আপনাদের জন্যই আমরা নুতন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। দেশ হবে নাগরিকের।
পথসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক জুবাইয়েরুর মানিকসহ কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতারা।
জানা যায়, গত রবিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা দিয়ে পথ সভা শুরু করে এনসিপি। ওইদিন তারা বাঁশখালী, পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়াসহ কয়েকটি উপজেলায় পথসভা করে। পরেরদিন সোমবার তারা চট্টগ্রাম উত্তর জেলার রাউজান, রাঙ্গুনিয়াসহ আশেপাশের কয়েকটি উপজেলায় পথসভা করে। তবে এদিন বৃষ্টির কারণে সীতাকুণ্ড, মিরসরাই উপজেলায় পথসভা করতে পারেনি দলটির নেতারা। শেষদিন মঙ্গলবার তারা চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পথসভা করছে। এদিন চকবাজার থেকে পিকআপ নিয়ে পথসভা শুরু করে তারা। বিকালে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করার কথা রয়েছে।
মনির/মাহফুজ