গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকার এখনো তাদের পেশিশক্তি দেখায়। পুলিশ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। গত ১৫ বছর ধরে পরিকল্পিতভাবে গুম, খুন, ভয় ও ত্রাস সৃষ্টি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় সভাকক্ষে আয়োজিত গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কার-বিচার-নির্বাচন একসঙ্গে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সাকি বলেন, 'জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ ও শহিদদের ঋণ শোধ করতে হলে সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে এগিয়ে নিতে হবে। এজন্য তরুণদের সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তরুণদের ভূমিকা ঐতিহাসিক। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক ২৪ সালের গণঅভ্যুত্থান- সবক্ষেত্রেই তারা অগ্রণী ভূমিকা রেখেছে।'
তিনি আরও বলেন, '৫৪ বছর ধরে আমরা সাম্য ও মানবিক মর্যাদার প্রতিশ্রুতি শুনছি, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। মানবিক মর্যাদা রাষ্ট্রের দায়িত্ব হলেও আজও তা প্রতিষ্ঠিত হয়নি। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাঈদকে হত্যা করা হয়েছে। এটি বৈষম্যের স্পষ্ট উদাহরণ।'
জোনায়েদ সাকি বলেন, 'যিনি ৪১ সাল পর্যন্ত ক্ষমতা নিশ্চিত করে রেখেছিলেন এবং বলেছিলেন শেখ হাসিনা পালাবে না, তাকেই ছাত্র-জনতা রাজপথের লড়াইয়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। এটাই আমাদের বিশাল অর্জন। এখন প্রশ্ন- এ লড়াই কি বেহাত হয়ে যাবে?'
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যদি জনগণ আবার ঘরে ফিরে যায়, তবে শহিদ আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।'
মব সন্ত্রাস ও বিচারহীনতার অভিযোগ গণসংহতি আন্দোলনের এ নেতা বলেন, 'দেশে এখনো মব সন্ত্রাস চলছে। খুনিরা মাথা উঁচু করছে। বাংলাদেশের প্রতিটি হত্যার বিচার হতে হবে। কিন্তু শহিদদের পরিবার বারবার বিচার চাইছে, অথচ কোনো বিচার হচ্ছে না। এর দায় কে নেবে?'
বিচার, সংস্কার ও নির্বাচন একসাথে চলতে হবে- বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত গণসংলাপ ও পদযাত্রা কর্মসূচির সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের ফুলবাড়ী শাখার আহ্বায়ক মাহমুদ হাসান বাবু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আব্দুল মোত্তালিব পাপ্পু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জেলা সংগঠক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, দিনাজপুর জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সুলতান মাহমুদ শিশির, ছাত্র ফেডারেশনের ফুলবাড়ী উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাকিরুল ইসলাম সাকি ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হৃদয় হাসান স্বাধীন প্রমুখ।
গণসংলাপ ও পদযাত্রায় কৃষক, শ্রমিক, খেতমজুর, আদিবাসী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে স্থানীয় নিমতলা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
মেহেদী/