উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে মাঠে নামছে ইউরোপের চার জায়ান্ট ক্লাব। শেষ ষোলোর প্রথম লেগে পরস্পরের মোকাবিলা করবে বার্সেলোনা-বেনফিকা, পিএসজি-লিভারপুল ও বায়ার্ন মিউনিখ-লেভারকুসেন।
পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে লড়াই হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে বেনফিকা ও বার্সা মুখোমুখি হয়েছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হেসেছিল বার্সাই। আজ নক আউট পর্বের প্রথম লেগের ম্যাচে পর্তুগাল থেকে জয় নিয়েই ফিরতে চাইবে হ্যান্সি ফ্লিক শিবির। তবে ঘরের মাঠে বেনফিকা বেশ দুরন্ত, তা তারা বুঝিয়েছে চলতি মৌসুমে। শেষ ষোলোর প্লে অফ পর্বে মোনাকোকে (৪-৩) হারিয়ে আসা বেনফিকা আজ ঘরের মাঠে চ্যালেঞ্জই জানাবে কাতালানদের
অন্যদিকে ঘরের মাঠে জয়ের মানসে মাঠে নামবে প্যারিসের ক্লাব পিএসজি। দলটি আতিথেয়তা দেবে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির চেয়ে বেশ ছন্দময় লিভারপুল। প্রথম পর্বে আট ম্যাচের মধ্যে সাতটিতে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে শেষ ষোলোর খেলা নিশ্চিত করে লিভারপুল। সেখানে পিএসজি সরাসরি শেষ ষোলোতে আসতে পারেনি। সেরা ২৪-এ থাকার সুবাদে খেলতে হয় প্লে অফ। সেই লড়াইয়ের দুই লেগে স্বদেশি ক্লাব ব্রেস্তকে রীতিমতো উড়িয়ে দেয় পিএসজি। দুই লেগ মিলিয়ে দলটি পায় ১০-০ গোলের বিশাল জয়। তবে ব্রেস্ত ও লিভারপুল এক জিনিস নয়। আর তাই আজ ঘরের মাঠেও অল রেডসদের বিপক্ষে ভীষণ সতর্ক প্যারিসিয়ানরা।
ঘরের মাঠে খেলবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষ স্বদেশি ক্লাব লেভারকুসেন। যারা বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন। অ্যালিয়াঞ্জ অ্যারিনাতে বায়ার্নকে তাই রীতিমতো পরীক্ষাই নিতে পারে লেভারকুসেন। ধারে ভারে বায়ার্ন এগিয়ে থাকলেও চলতি মৌসুমে পারফরম্যান্সের দিক থেকে এগিয়ে লেভারকুসেনই। বায়ার্ন মিউনিখ সরাসরি শেষ ষোলোতে আসতে পারেনি। পয়েন্ট তালিকায় ১২তম অবস্থান থাকার কারণে প্লে অফ খেলতে হয়েছিল স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে পরবর্তী রাউন্ডে উঠে আসে বায়ার্ন। সেখানে লেভারকুসেন শেষ ষোলোতে নাম লেখায় সরাসরি। কারণ প্রথম পর্বে পয়েন্ট তালিকায় লেভারকুসেনের অবস্থান ছিল ষষ্ঠ।