এশিয়া কাপ ক্রিকেটকে সামনে রেখে ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আর পাকিস্তান-আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত মিলে খেলবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশও বসে থাকবে না। বিসিবি জরুরিভিত্তিতে যোগাযোগ করে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে। যদিও এখনো সূচি কিংবা ভেন্যু চূড়ান্ত হয়নি।
বিসিবির একটি সূত্রে জানা গেছে সবগুলো খেলাই হবে সিলেটে।
ভারত খেলতে রাজি না হওয়াতে বিসিবি টেস্ট খেলুড়ে দেশগুোলোর বিপক্ষে সিরিজ খেলতে চেয়েছিল। কিন্তু কোনো দেশেরই সিডিউল ছিল না। সবাই ব্যস্ত। পরে বিসিবি আইসিসির সহযোগী দেশগুলোর সঙ্গে খেলার চিন্তা করে। যেখানে নেদারল্যান্ডস ছাড়াও নেপাল ছিল। শেষ পর্যন্ত বিসিবির আহ্বানে সাড়া দেয় নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড রাজি হওয়ার পর বিসিবি এখন আয়োজন নিয়ে ব্যস্ত। একটি সূত্রে জানা গেছে সবগুলো ম্যাচই হবে একটি ভেন্যুতে। আয়োজন করতে সময় নেওয়া হবে এক সপ্তাহের মতো। সূচি চূড়ান্ত না হলেও এ মাসের শেষের দিকেই অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। আর ভেন্যু হিসেবে হোম অব ক্রিকেটের থাকার কোনো সম্ভাবনাই নেই। কারণ মিরপুরের স্টেডিয়ামে মাঠে সংস্কার কাজ চলছে। বাকি থাকে চট্টগ্রাম ও সিলেট। এই দুইটি ভেন্যুর মাঝে বিসিবি আপাতত সিদ্ধান্ত নিয়ে রেখেছে সিলেটে আয়োজন করার।
এর কারণ হিসেবে নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক পরিচালক খবরের কাগজকে বলেন, ‘আমরা খুব সম্ভবত এ মাসের শেষের দিকেই ম্যাচ আয়োজন করব। মাত্রই নেদারল্যান্ডস রাজি হয়েছে। একটি সিরিজ আয়োজন করতে কিছু আনুষ্ঠানিকতা লাগে। সময় লাগে। সে সময় আমাদের পেতে হবে। তাই ২০ তারিখের পরেই অনুষ্ঠিত হবে। ম্যাচ আয়োজনের সম্ভাবনা বেশি সিলেটেই। এ ক্ষেত্রে আমরা আবহাওয়ার পূর্বাভাসও দেখব। যেখানে বৃষ্টির সম্ভাবনা কম, সেখানেই আয়োজন করা হবে। মনে হচ্ছে সিলেটে বৃষ্টির সম্ভাবনা কম।’