সাফ নারী চ্যাম্পিয়নশিপে আগামীকাল বুধবার নেপালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ শিবিরে।
মা হারিয়েছেন ডিফেন্ডার শিউলি আজিম। এ কারণে মঙ্গলবার (২ জুন) সকালে বাংলাদেশ দলের নির্ধারিত অনুশীলনও বাতিল করা হয়। তবে সেমিফাইনালে তো লড়তে হবে। ফলে শোককে শক্তিতে পরিণত করে নেপাল ম্যাচের প্রস্তুতি নিচ্ছে পিটার বাটলারের শিষ্যরা।
এবার ভারতের গোয়ার মারগাঁওয়ে বসেছে নারী সাফের অষ্টম আসর। আজ স্থানীয় সময় সকাল ৭টা থেকে মারগাঁও থেকে ২৪ কিলোমিটার দূরে বামবোলিম অ্যাথলেটিক গ্রাউন্ডে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু ভোরে শিউলির মা বাসনা আজিমের মৃত্যুর দুঃসংবাদ পৌঁছে যায় বাংলাদেশ শিবিরে। ফলে পুরো দলই শোকে স্তব্ধ হয়ে পড়ে। বাতিল হয়ে যায় দলের অফিশিয়াল অনুশীলন।
তবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তো আর পুরোপুরি বসে থাকা যায় না। তাই বিকেলে টিম হোটেলের পাশে আরব সাগরের তীরে অনুশীলন সেড়েছে বাংলাদেশ দল। যেখানে উপস্থিত ছিলেন মা হারানো শিউলিও।
বুধবার (৩ জুন) গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। রাত সাড়ে ৮টায় দিনের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও ভুটান। ৫ জুন ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।
তোফায়েল/সালমান/