ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ঋতুপর্ণা চাকমার অলিম্পিক গোলে দারুণভাবে খেলায় ফিরে এসেছে পিটার বাটলারের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়।
বুধবার (৩ জুন) গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হয় ম্যাচটি। শুরু থেকেই নেপাল আধিপত্য দেখাতে থাকে। বাংলাদেশ গোছানো ফুটবল খেলতে রীতিমতো হিমশিম খাচ্ছিল। এমন অবস্থায় ২৩ মিনিটে সেটপিস থেকে গোলও হজম করে বসে সবশেষ দুই আসরের চ্যাম্পিয়নরা। দিপা শাহির নেওয়া কর্নার কিক থেকে গোল আদায় করে নেন গিতা রানা।
লিড নেওয়ার পর আরও উজ্জীবিত ফুটবল খেলতে থাকে নেপাল। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত, যদি না প্রীতি রাজের নেওয়া দূরপাল্লার শট পোস্টে লাগত।
অবস্থা বেগতিক দেখে ৩৯ মিনিটেই দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ। উমেহলা মারমা ও সৌরভী আখন্দ প্রীতিকে তুলে দুই অভিজ্ঞ মুখ তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রকে মাঠে নামান। এই দুই পরিবর্তনে বাংলাদেশের খেলায় ইতিবাচক পরিবর্তন হয়। পর পর দুটি সেটপিসের একটি কাজে লাগিয়ে খেলায়ও ফিরে আসে লাল-সবুজের মেয়েরা।
৫ মিনিটের যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্নার কিক থেকে সরাসরি বল জালে জড়ান ঋতুপর্ণা। তার বাঁ পায়ের নান্দনিক অলিম্পিক গোলে প্রাণ প্রায় বাংলাদেশ।
একই ভেন্যুতে আজ রাতে দিনের দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক ভারত।
তোফায়েল/সালমান/