জাপানের আইনশৃঙ্খলা বাহিনী এক ব্যবসায়ীর কবরে গিয়ে তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। শিজুও আইশিমা নামের ওই ব্যবসায়ীকে ভুলভাবে গ্রেপ্তার করে মাসের পর মাস আটক রাখা হয়েছিল। পরবর্তীতে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে জেলেই মারা যান।
আইশিমা ছিলেন ওহকাওয়ারা কাকোহকি নামে একটি যন্ত্রপাতি কোম্পানির সাবেক উপদেষ্টা। তাকে আরও দুই নির্বাহীর সঙ্গে ২০২০ সালের মার্চে সংবেদনশীল যন্ত্রপাতি অবৈধ রপ্তানির অভিযোগে আটক করা হয়। যদিও পরে প্রমাণের অভাবে অভিযোগ খারিজ হয়ে যায়।
গত ২৫ আগস্ট টোকিও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রসিকিউটর দপ্তরের প্রতিনিধিরা আইশিমার পরিবার এবং কবরে শ্রদ্ধা জানিয়ে ক্ষমা প্রার্থনা করেন।
টোকিও মেট্রোপলিটন পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট জেনারেল তেতসুরো কামাতা বলেন, “অবৈধ তদন্ত ও গ্রেপ্তারের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”
এদকি আইশিমার স্ত্রী ক্ষমা গ্রহণ করলেও মুখে বলেন, “ক্ষমা করতে পারব না।”
মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে জাপানের “হোস্টেজ জাস্টিস” বা দীর্ঘ আটক রেখে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের প্রথার বিরোধিতা করে আসছে। আদালতও বলেছে, আইশিমার বিরুদ্ধে তদন্ত ও অভিযোগ ছিল বেআইনি।
আইশিমার ছেলে জানায়, পরিবারের পক্ষ থেকে নতুন করে তদন্তের দাবি জানানো হবে। সূত্র: ইয়াহু
মেহেদী/