ভারতে ঘুমন্ত অবস্থায় স্বামীর শরীরে ফুটন্ত তেল ও লাল মরিচের গুঁড়া ঢেলে আক্রমণ করলেন এক ২০ বছর বয়সী নারী। দক্ষিণ দিল্লির মাদাঙ্গির এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
দিনেশ নামের ২৮ বছর বয়সী ওই ব্যক্তি বেশ বিপজ্জনকভাবে পুড়ে গেছেন এবং তার চিকিৎসা চলছে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় পুলিশ মামলা দায়ের করেছে। এছাড়া, বিরক্তিকর এই পারিবারিক বিবাদের তদন্ত শুরু হয়েছে।
ভুক্তভোগীর বরাতে জানা গেছে, তাদের কয়েক বছরের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছিল। দুই বছর আগে স্ত্রী ‘ক্রাইম এগেইনস্ট উইমেন’ সেলে অভিযোগ করেছিলেন, তবে বিষয়টি পরে আপোসের মাধ্যমে মিমাংসা হয়।
ঘটনাটি ২ অক্টোবর ভোরে ঘটে। পুলিশে অভিযোগ দায়ের করা ২৮ বছর বয়সী ওই ব্যক্তি জানিয়েছেন, ভোর ৩.১৫ টার দিকে, যখন তিনি ঘুমাচ্ছিলেন, হঠাৎ তার শরীরে জ্বালাপোড়ার অনুভূতি জাগিয়ে তোলে। এরপর তিনি দেখতে পান, তার উপর গরম তেল ঢেলে দেওয়া হয়েছে, এবং তার স্ত্রী লাল মরিচের গুঁড়ো হাতে নিয়ে কাছেই দাঁড়িয়ে আছেন।
তিনি জানান, "এ সময় সে আমাকে বলে যে, সে আমার গায়ে গরম তেল ঢেলে দিয়েছে এবং আমি যদি চিৎকার করি তাহলে আরও তেল ছুঁড়ে মারবে।"
লোকটি পুলিশকে জানিয়েছে, সে তার উপর মরিচের গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পর সাহায্যের জন্য চিৎকার করেন, এরপর তার বাড়িওয়ালা এবং শ্যালক ঘটনাস্থলে ছুটে আসেন। তাকে প্রথমে মদন মোহন মালব্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে সফদরজং হাসপাতালে রেফার করা হয়।
ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মী দিনেশ এখন গুরুতর দগ্ধ অবস্থায় সাফদারজং হাসপাতালে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
এদিকে, ঘটনার পর দিনেশের স্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৮ (বিপজ্জনক অস্ত্র বা উপায়ে আঘাত করা), ১২৪ (অ্যাসিড বা অনুরূপ পদার্থে গুরুতর আঘাত করা) এবং ৩২৬ (আগুন, বিস্ফোরণ বা বিপজ্জনক উপায়ে ক্ষতি করা) ধারায় মামলা হয়েছে। তবে এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সুলতানা দিনা/