সব পুরুষের জীবনে প্রেম আসে না- এটাই বাস্তবতা। অনেক পুরুষ আন্তরিক চেষ্টা করেও ভালোবাসার সম্পর্কে পৌঁছাতে পারেন না। বারবার প্রত্যাখ্যাত হতে হতে তাদের মনে জন্ম নেয় হতাশা, আত্মবিশ্বাসের ঘাটতি ও একরাশ প্রশ্ন- ‘আমার সঙ্গেই এমন কেন হয়?’ সময়ের সঙ্গে সঙ্গে এই মানসিক চাপ আরও বেড়ে যায়, কিন্তু সমস্যার মূল কারণ অনেকেই বুঝে উঠতে পারেন না।
আসলে কিছু সাধারণ আচরণ, অভ্যাস ও মানসিকতার কারণেই বহু পুরুষ নারীদের কাছ থেকে প্রত্যাখ্যাত হন। এই কারণগুলো জানা থাকলে নিজেকে বদলানো সম্ভব, আর বদলালেই বদলাতে পারে জীবনের গতিপথ।
নারীর প্রতি সম্মানবোধের অভাব
অনেক পুরুষই নারীদের সম্মান করতে জানেন না। কথা বা আচরণে অবজ্ঞা, তাচ্ছিল্য কিংবা অপমান লুকিয়ে থাকে। অথচ একই সঙ্গে তারা নারীদের কাছেই প্রেমের প্রত্যাশা করেন। বাস্তবতা হলো- যে নারী নিজেকে সম্মানিত মনে করেন না, তিনি কখনোই সেই সম্পর্ককে গুরুত্ব দেন না। নারীরা প্রথমেই খোঁজেন সম্মান ও নিরাপত্তা। এই জায়গাটিতে ঘাটতি থাকলে তারা স্বাভাবিকভাবেই দূরে সরে যান।
নিজের উপস্থিতি ও পোশাকের প্রতি অবহেলা
প্রথম দেখাতেই মানুষের সম্পর্কে একটি ধারণা তৈরি হয়। অনেক পুরুষ নিজের পোশাক, পরিচ্ছন্নতা বা ব্যক্তিগত গুছিয়ে থাকার দিকে গুরুত্ব দেন না। অগোছালো পোশাক, অপরিচ্ছন্ন চেহারা বা অযত্নশীল উপস্থিতি নারীদের কাছে নেতিবাচক বার্তা দেয়। দামি পোশাক নয়, বরং পরিচ্ছন্নতা, মানানসই পোশাক আর নিজেকে যত্নে রাখার মানসিকতাই এখানে আসল বিষয়।
কথাবার্তা ও আচরণের দুর্বলতা
কথা বলার ভঙ্গি একজন মানুষের ব্যক্তিত্বের বড় পরিচয়। রূঢ় ভাষা, অশালীন রসিকতা, অহেতুক রাগ কিংবা অতিরিক্ত আত্মপ্রচার- এসবই নারীদের দূরে সরিয়ে দেয়। নারীরা সাধারণত এমন পুরুষকেই পছন্দ করেন, যিনি সংযত, ভদ্র এবং অন্যের কথা শুনতে জানেন। খারাপভাবে কথা বললে কোনো প্রস্তাবই গ্রহণযোগ্য হয়ে ওঠে না।
দায়িত্বজ্ঞানহীন মানসিকতা
দায়িত্ববোধ নারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ গুণ। জীবনের ছোট-বড় বিষয়ে দায়িত্ব নিতে না পারা, সিদ্ধান্তহীনতা বা সবকিছু এড়িয়ে যাওয়ার প্রবণতা নারীদের মনে অনিরাপত্তা তৈরি করে। সম্পর্ক মানেই দায়িত্ব- এই উপলব্ধি যাদের নেই, তাদের প্রতি নারীদের অনীহা থাকাই স্বাভাবিক। দায়িত্ববান হওয়া মানে নিখুঁত হওয়া নয়, বরং নিজের কাজ ও সিদ্ধান্তের দায় নিতে শেখা।
নেশা ও অস্বাস্থ্যকর অভ্যাস
অতিরিক্ত মদ্যপান, ধূমপান কিংবা অন্যান্য নেশা নারীদের চোখে বড় নেতিবাচক দিক। এতে ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয়, সম্পর্কের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন ওঠে। তাই নেশাগ্রস্ত পুরুষদের থেকে দূরে থাকতে চান অধিকাংশ নারী। সুস্থ জীবনযাপন ও আত্মনিয়ন্ত্রণ এখানে বড় ভূমিকা রাখে।
প্রত্যাখ্যান মানেই ভাগ্যের দোষ নয়। অনেক সময় নিজের আচরণ, মানসিকতা ও অভ্যাসই এর জন্য দায়ী। ভালোবাসা পেতে হলে আগে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হয়- যেখানে থাকবে সম্মানবোধ, দায়িত্ব, পরিমিত আচরণ ও আত্মসম্মান। নিজেকে বদলাতে পারলেই বদলাবে অন্যের দৃষ্টিভঙ্গিও।
ভালোবাসা কাউকে জোর করে পাওয়া যায় না, তবে নিজেকে যোগ্য করে তুললে ভালোবাসা একদিন ঠিকই ধরা দেয়।
এবি/