ভাবুন তো— ডেটে গেলেই হাতে মিলছে হাজার হাজার টাকা, আর বিয়ে করলে সরাসরি লাখ লাখ টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই বাস্তবে করছে একটি দেশ। সেই দেশটি হলো দক্ষিণ কোরিয়া। তীব্র জনসংখ্যা সংকট মোকাবিলায় প্রেম, বিয়ে ও সন্তান নেওয়ার জন্য নাগরিকদের আর্থিক প্রণোদনা দিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। জন্মহার বিপজ্জনকভাবে কমে যাওয়ায় সরকার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
সরকারি কর্মসূচির আওতায় কেউ ডেটে গেলে প্রায় ৩৫০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪২ হাজার টাকা) দেওয়া হচ্ছে। এই অর্থ দিয়ে খাবার, বিনোদন কিংবা একসঙ্গে সময় কাটানোর খরচ মেটানো যাবে। এছাড়া ডেটিংয়ের সময় উভয় পক্ষের অভিভাবকদের সাক্ষাৎ হলে সেই ব্যয়ও বহন করবে সরকার।
বিয়ে করতে আগ্রহী দম্পতিরা পেতে পারেন সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। পাশাপাশি সন্তান জন্ম নিলে অতিরিক্ত সরকারি সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়ায় দীর্ঘ কর্মঘণ্টা, উচ্চ জীবনযাত্রার ব্যয় ও ক্যারিয়ারকেন্দ্রিক জীবনের কারণে তরুণদের মধ্যে বিয়ে ও সন্তান নেওয়ার আগ্রহ কমে গেছে। ফলে দেশটির জন্মহার বর্তমানে বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
এই পরিস্থিতিতে অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে মানুষকে পরিবার গঠনে উৎসাহিত করতেই সরকারের এই উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
মেহেদী/