বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে তিন শিফটে ৭ হাজার ৫৫২ জন ভর্তিচ্ছু মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ফল প্রকাশ করা হয়।
আগামী ১৩ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল ভর্তি পরীক্ষা লিখিত আকারে ২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মডিউল-এ ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন এবং বেলা ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মডিউল-বি ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি।
গত ২৩ জানুয়ারি বুয়েট ক্যাম্পাসে প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টা থেকে সকাল ১০টা, দ্বিতীয় শিফট বেলা ১২টা থেকে বেলা ১টা এবং তৃতীয় শিফট বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের পরীক্ষায় ২৪ হাজার ২১১ জন শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৬ হাজার ৮৭২ জন। প্রাক-নির্বাচনী পরীক্ষায় প্রথম শিফটে ৮ হাজার ৭১ জন শিক্ষার্থী, দ্বিতীয় ও তৃতীয় প্রতি শিফটে ৮ হাজার ৭০ জন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলেও প্রথম শিফটে ৭ হাজার ৩০২ জন, দ্বিতীয় শিফটে ৭ হাজার ২৯৬ জন এবং তৃতীয় শিফটে ৭ হাজার ২৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি http://ugadmission.buet.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন। চলতি শিক্ষাবর্ষে কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা এক হাজার ৩০৯টি।
আরিফ/সালমান/