শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ল্যাংগুয়েজ বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন।
তিনি অ্যানিম্যাল প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হয়েছেন।
সদ্য অব্যাহতি পাওয়া ড. জাহাঙ্গীর আলমকে অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নিয়োগাদেশ অনুযায়ী, অধ্যাপক আখতারের যোগদানের তারিখ থেকেই এই আদেশ কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা নবনিযুক্ত পরিচালককে স্বাগত জানিয়েছে।
কৃষি ক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত হওয়ার অনেক আগে থেকেই আখতার হোসেন স্যার আমাদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতেন। টিএসসি সবসময়েই আমাদের সৃজনশীলতা ও চর্চার প্রিয় জায়গা। আমরা বিশ্বাস করি, স্যার এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে ছাত্র-শিক্ষক কেন্দ্রকে আরও প্রাণবন্ত ও সক্রিয় একটি পরিমণ্ডলে রূপান্তরিত করবেন।’
নতুন দায়িত্ব পেয়ে প্রতিক্রিয়ায় অধ্যাপক মো. আখতার হোসেন বলেন, ‘ছাত্র-শিক্ষক কেন্দ্র শুধু সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের জায়গা নয় বরং এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নেতৃত্বগুণ বিকাশের ক্ষেত্র। আমি চেষ্টা করব একটি অংশগ্রহণমূলক ও সক্রিয় পরিবেশ নিশ্চিত করতে, যাতে টিএসসি সব শিক্ষার্থীর প্রিয় মিলনস্থল হয়ে ওঠে।’
সুমন/