জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ কয়েকজন নেতার আগমনকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত থেমে থেমে বিশ্ববিদ্যালয়ের কাফেটেরিয়া এলাকায় হাতাহাতির এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংগঠনের সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াসহ কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে আসেন। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর, সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকসহ শীর্ষ পাঁচ নেতা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর অর্ধশতাধিক বিক্ষুব্ধ নেতা-কর্মী শোডাউন দিয়ে সেখানে পৌঁছান।
বিক্ষুব্ধরা স্লোগান দিতে থাকেন যে আহ্বায়ক ও সদস্যসচিব বহিরাগতদের ক্যাম্পাসে এনেছেন। একপর্যায়ে তারা বহিরাগত কয়েকজনকে ধাওয়া দেন এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে লাউঞ্জে প্রবেশের চেষ্টা করেন। তখন আহ্বায়ক ও সদস্য সচিবপন্থি নেতারা বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এ সময় পরস্পরের বিরুদ্ধে গালাগালিও চলে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ পর বিক্ষুব্ধরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসেন এবং শীর্ষ পাঁচ নেতা ও তাদের অনুসারীরা লাউঞ্জ থেকে বের হয়ে নিচতলায় অবস্থান নেন।
একপর্যায়ে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে কাফেটেরিয়া থেকে কেন্দ্রীয় মসজিদে মিলাদে যাওয়ার পথে শীর্ষ পাঁচ নেতা বাঁধার সম্মুখীন হন। এ সময় তারা কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ক্যাম্পাস কমিটিকে বয়কট ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ৮ আগস্ট শাখা ছাত্রদলের বর্ধিত কমিটি ও ১৭টি হল কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ছাত্রলীগ, শিবির ও বহিষ্কৃতদের স্থান দেওয়ার অভিযোগ তুলে বিক্ষুব্ধরা কয়েক দিন ধরে মহড়া চালাচ্ছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে টানপোড়ন সৃষ্টি হয়।
এ বিষয়ে আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন, ‘যারা আজ বিশৃঙ্খলা করেছেন, তাদের মধ্যে বহিষ্কৃত কিছু নেতা-কর্মী ও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী রয়েছে। কমিটিতে কিছু অসংগতি থাকলেও তা সমাধানের চেষ্টা চলছে। কিন্তু এটাকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টি করা হয়েছে।’
মিলাদ শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘কিছুদিন আগে ঘোষিত ১৭টি হল কমিটিতে অনেকের প্রত্যাশা পূরণ হয়নি। বৃহৎ একটি সংগঠন হিসেবে ছাত্রদলের সবার প্রত্যাশা পূরণ সম্ভবও না। তবে আমরা সবার সমস্যার কথা শুনেছি এবং খুব শিগগিরই এর সমাধান হবে বলে আশা করছি।’
তিনি আরও বলেন, ‘আসন্ন জাকসু নির্বাচন নিয়ে ঘোষিত শিডিউলকে ছাত্রদল ইতিবাচকভাবে দেখছে এবং নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
আমানউল্লাহ খান/সুমন/




