রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (সিনেট), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটার তালিকায় প্রথমবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় ভাঙচুর চালানোর ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের বেশ কয়েকবার হাতাহাতির ঘটনা ঘটেছে।
রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ে ঢুকে টেবিল, চেয়ার ভাঙচুর চালায় সংগঠনটির নেতা-কর্মীরা। সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুলের নেতৃত্বে এক পর্যায়ে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে বাইরে বিক্ষোভ করেন তারা। এ সময় ভেতরে আটকা পড়ে কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা এসে তাদের প্রতিহত করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের বেশ কয়েকবার হাতাহাতির ঘটনা ঘটে। এ ছাড়া ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধির হাত থেকে বুম কেড়ে নেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
দুপুর ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রদল-সাধারণ শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে ছিলেন।
এ সময় শিক্ষার্থীরা, ' চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে,' 'রাকসু আমার অধিকার, না দিলে তুই স্বৈরাচার' ইত্যাদি স্লোগান দেন।
এদিকে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা, ' জিয়ার সৈনিক, এক হও লড়াই করো,' 'প্রথমবর্ষের ভোটাধিকার, দিতে হবে, দিতে হবে', 'গুপ্ত বাহিনীর রাজনীতি চলবে না চলবে না' প্রভৃতি স্লোগান দেয়।
শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু সাংবাদিকদের বলেন, 'আমরা প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটের অধিকার নিশ্চিতের দাবি জানাই। ভোটের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাকসু নির্বাচন হতে দেওয়া হবে না। ভোটের অধিকার হরণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত সবাইকে আলোচনার টেবিলে ডেকে বিষয়টি সমাধান করুন, প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটের অধিকার ফিরিয়ে দিন।'
শাকিবুল/মেহেদী/