বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আগামী চার বছরের জন্য তিনি পূর্ণাঙ্গ ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
বুধবার ( ১০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. ফায়সাল মাহমুদ রুমি। অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক। গত ১৩ মে তাকে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ১৫ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক ড. তৌফিক আলমকে পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।
এই সময়ে তিনি মূল পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর
প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য গত বছরের ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শুচিতা শরমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি হিসেবে নিয়োগ পান। তার স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের মুখে চলতি বছরের মে মাসে তাকে পদচ্যুত করা হয়। একই সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুনুর রশীদকেও অপসারণ করা হয়।
পরবর্তীতে অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সমস্যা সমাধান, শিক্ষার্থীদের সঙ্গে ইতিবাচক যোগাযোগ এবং মানবিক আচরণের কারণে আলোচনায় আসেন।
মঈনুল ইসলাম/সুমন/