একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটির সিদ্ধান্ত নেওয়ায় আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। খুলছে আগামী ২৮ নভেম্বর।
বুধবার (৩ ডিসেম্বর) উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় ভূমিকম্প-পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের সার্বিক অগ্রগতি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করা হয়।
এ ছাড়া বিশেষজ্ঞদের সুপারিশসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সভায় পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে ওই ছুটির সঙ্গে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বরকে ছুটি হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়। আগামী ২৮ ডিসেম্বর আবাসিক হলগুলো খোলার এবং ওই দিন থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে জরুরি অবস্থায় ছুটিজনিত শিক্ষণ ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য চলমান অনলাইন ক্লাসগুলো ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।
সভায় ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে পরীক্ষাগুলো আবার শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষদের ডিনের সঙ্গে আলোচনা এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে সমন্বয় করে বিভাগগুলো পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করবে। সভায় ভূমিকম্পের পর জরুরি ভিত্তিতে হলের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং বিভিন্ন আবাসিক হলের সংস্কার কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত হয়। এতে আবাসিক হলগুলো খোলার পরও কিছু কিছু হলে সংস্কারের কাজ চলমান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ২২ নভেম্বর রাতে ভূমিকম্প-পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে টানা ১৪ দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়। ৩০ নভেম্বর থেকে পুরোদমে অনলাইন ক্লাসে যায় বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোও যথারীতি খোলা রয়েছে।