রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে (২০২৬-২৭) সব পদে জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-সমর্থিত প্রার্থীরা। ১৮টি পদের একটিতেও জয় পায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী-পন্থী প্যানেল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার মো. শহিদুল্লাহ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিএনপি-সমর্থিত হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আনারুল-রিয়াজ-বিদ্যুৎ পরিষদ এবং জামায়াত-সমর্থিত হিসেবে পরিচিত ছিল মাসুদ-রবিউল-মামুন পরিষদ।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে বিএনপি-সমর্থিত আনোয়ারুল ইসলাম ৪৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ২৪৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে রিয়াজ উদ্দিন ৫০৭ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে জামায়াত সমর্থিত কাজী মামুন রানা পেয়েছেন ১৮৬ ভোট। সহসভাপতি পদে রোকনুজ্জামান মামুন ৫১৬ ভোট এবং কোষাধ্যক্ষ পদে আল-আমিন বিদ্যুৎ ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হন।
এ ছাড়া বিএনপি সমর্থিত প্যানেল থেকে যুগ্ম সম্পাদক পদে মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মানিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে ফরমান আলী নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সদস্যরা হলেন- আলী রেজা, আবদুল মতিন, রোকসানা বেগম, মাইনুল ইসলাম, বোরহান উদ্দিন, শহিদুল ইসলাম, হাবিবা হায়দার ও মো. নাসির উদ্দীন।
শাকিবুল/রিফাত/